২০০০ নয়, বেকাররা মাসে পাবেন ৫০০০ টাকা! বিরাট ঘোষণা বিরোধীদের

Published:

akhilesh yadav

আনিষা চৌধুরী, কলকাতা: নির্বাচনের আগে ভোটারদের মন জিততে একের পর এক জনমুখী প্রতিশ্রুতি সামনে আনছে রাজনৈতিক দলগুলি। উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার বেকার যুবক-যুবতীদের জন্য বড় ঘোষণা করল বিরোধী সমাজবাদী পার্টি (Samajwadi Party)। রাজ্যে বর্তমানে বিজেপির যোগী আদিত্যনাথ সরকার ক্ষমতায় রয়েছে। সেই শাসক দলকে ভোটের লড়াইয়ে টেক্কা দিতে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) জানালেন, তাঁদের দল ক্ষমতায় এলে বেকার স্নাতকদের মাসে ৫০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

বিরোধী দলের বড় পদক্ষেপ!

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর লখনউয়ে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য দলের ইস্তেহার প্রকাশ করেন অখিলেশ যাদব। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘জন-মন কা ম্যানিফেস্টো’ এবং ‘সত্তাইস কা সংকল্প: পিডিএ কা প্রণপত্র’। সেখানেই বেকার স্নাতকদের জন্য মাসিক ৫০০০ টাকা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। চাকরি না পাওয়া পর্যন্ত এই ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দল।

তবে এই সুবিধা সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য নয়। এখানে মূলত চাকরি না পাওয়া স্নাতকদের কথা বলা হয়েছে। অর্থাৎ যাঁরা স্নাতক ডিগ্রি অর্জনের পরেও কর্মসংস্থানের সুযোগ পাননি, তাঁরা এই প্রস্তাবিত ভাতার আওতায় আসবেন। তবে ঠিক কী কী নথি লাগবে, বয়সের ঊর্ধ্বসীমা কত হবে কিংবা আবেদন প্রক্রিয়া কী হবে, সে বিষয়ে বিস্তারিত শর্ত এখনও প্রকাশ্যে আসেনি। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে।

শুধু বেকারদের ভাতাই নয়, মহিলাদের জন্যও বড় আর্থিক প্রতিশ্রুতি দিয়েছে সমাজবাদী পার্টি। ইস্তেহার অনুযায়ী, মহিলাদের বছরে ৪০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দারিদ্রসীমার নীচে থাকা পরিবারের মহিলা, প্রবীণ এবং আর্থিকভাবে প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিদের এই সহায়তার আওতায় আনার কথা বলা হয়েছে। উল্লেখ্য, পাঁচ বছর আগে মহিলাদের জন্য বছরে ১৮ হাজার টাকার প্রতিশ্রুতি দিয়েছিল সমাজবাদী পার্টি। এবার সেই অঙ্ক বাড়িয়ে ৪০ হাজার টাকা করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: আরও দ্রুত যাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ, রোপওয়ে বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর

এদিকে কর্মসংস্থানের ক্ষেত্রেও একাধিক প্রতিশ্রুতি রয়েছে সমাজবাদী পার্টির ইস্তেহারে। আগামী পাঁচ বছরে ২৫ লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা জানিয়েছে দল। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আরও ২ থেকে ৩ কোটি কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনার কথা বলা হয়েছে। সরকারি নিয়োগের জন্য বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ, নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা এবং পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের কথাও জানানো হয়েছে। সব মিলিয়ে বেকারত্ব, কর্মসংস্থান ও আর্থিক সহায়তাকে সামনে রেখেই ২০২৭ সালের নির্বাচনের আগে ভোটের ময়দানে নামতে চাইছে অখিলেশের দল।

google button