আনিষা চৌধুরী, কলকাতা: এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে এতদিন বাস, ট্যাক্সি কিংবা গঙ্গার জলপথে ফেরি বা জেটির উপরেই নির্ভর করতে হত বেলুড় মঠ ও দক্ষিণেশ্বরের দর্শনার্থীদের। সড়কপথে যানজটের কারণে অনেক সময়ই গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। এবার সেই সমস্যা কমাতে দক্ষিণেশ্বর (Dakshineswar) থেকে বেলুড় মঠ (Belur Math) পর্যন্ত রোপওয়ে (Ropeway) চালুর প্রস্তাব সামনে আনলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকড়ির (Nitin Gadkari) সঙ্গে বৈঠকে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।
কী সিদ্ধান্ত নেওয়া হলো রোপওয়ে নিয়ে?
দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের মধ্যে এবার গঙ্গার উপর দিয়ে রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্যের। প্রস্তাবিত প্রকল্পের ডিপিআর তৈরির উদ্যোগ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই রোপওয়ে তৈরি হয়ে গেলে সড়কপথের যানজট এড়িয়ে সরাসরি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছনো সম্ভব হবে। বিশেষ করে দুই তীরের মধ্যে যাতায়াত আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও রোপওয়ে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত রোপওয়ে চালুর প্রস্তাবও সামনে এসেছে। এই পথে সোনাদা ও ঘুমকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এবং বিস্তারিত রিপোর্ট তৈরির জন্য রাজ্যের পূর্ত দফতরের তরফে পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে।
বেলুড় মঠ ও দক্ষিণেশ্বর, দুটিই বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্র। বছরের প্রায় প্রতিটি সময়ই এই দুই জায়গায় দর্শনার্থী ও পুণ্যার্থীদের ভিড় লেগে থাকে। বিশেষ বিশেষ তিথি ও উৎসবের সময় সেই ভিড় আরও বেড়ে যায়। ফলে যাতায়াতের ক্ষেত্রে যানজট ও সময়ের সমস্যা তৈরি হয়। রোপওয়ে পরিষেবা চালু হলে অনেকটাই কমতে পারে সেই ভোগান্তি। পাশাপাশি দর্শনার্থীদের যাতায়াতের সময়ও বাঁচবে আর ক্লান্তিও কমবে।
আরও পড়ুন: আড়াই গুণ বেতন বাড়বে রাজ্যের সরকারি কর্মীদের? সপ্তম পে কমিশন নিয়ে বড় আপডেট
অন্যদিকে, গডকড়ির সঙ্গে বৈঠকে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে এদিন একাধিক প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে পেট্রাপোল পর্যন্ত প্রায় ৭৫ কিলোমিটার রাস্তা সম্প্রসারণ, হুগলি নদীর উপর ফলতা ও বাগনানের মধ্যে সেতু নির্মাণ, কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত রাস্তা সম্প্রসারণ এবং জোকা-নামখানা ও নন্দকুমার-দীঘা চার লেনের রাস্তা তৈরির আর্জি জানিয়েছেন তিনি। সুন্দরবনের বিচ্ছিন্ন এলাকাগুলিকে সেতুর মাধ্যমে যুক্ত করার প্রস্তাবও রয়েছে। রাজ্যের তরফে জমি ও প্রয়োজনীয় অনুমোদনের ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, বাংলার পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় অর্থ দেওয়ার আশ্বাস দিয়েছেন গডকড়িও।


