আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি কর্মীদের (Government Employee) সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) ঘিরে বাড়ছে প্রত্যাশা। নতুন বেতন কাঠামোয় কর্মীদের মূল বেতন কি আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে? ফিটমেন্ট ফ্যাক্টর কত হবে, তার উপরেই নির্ভর করছে বেতন বৃদ্ধির অঙ্ক। সম্ভাব্য হিসাব অনুযায়ী, ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হলে ১৭ হাজার টাকা ন্যূনতম বেসিক বেতন বেড়ে ৪২,৫০০ টাকা হতে পারে। তবে এই অঙ্ক এখনও নিশ্চিত নয়।
কতো হতে পারে কর্মীদের বেতন?
ফিটমেন্ট ফ্যাক্টর আসলে এমন একটি গুণক, যার সাহায্যে পুরনো মূল বেতন হিসাব করে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়। এর আগে ষষ্ঠ বেতন কমিশনে পশ্চিমবঙ্গে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়েছিল। এবার সেই অঙ্ক কত হবে, তা নিয়ে কর্মীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ২, ২.২৫ এবং ২.৫ ফ্যাক্টর ধরে বিভিন্ন সম্ভাব্য হিসাব সামনে এসেছে।
এদিকে সপ্তম বেতন কমিশনের আওতা নিয়েও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির অশিক্ষক কর্মী এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের নিয়মিত কর্মীদেরও কমিশনের আওতায় আনা হয়েছে। এর ফলে আরও একাধিক কর্মী এই বেতন পর্যালোচনার সুবিধা পাবেন।
ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮৩ কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক বেতন ১৭ হাজার টাকা থেকে বেড়ে ৬৫,২০০ টাকা হতে পারে। অর্থাৎ, নতুন বেতন কাঠামোয় এক ধাক্কায় বেসিক বেতন অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই ফিটমেন্ট ফ্যাক্টর কর্মচারী সংগঠনগুলির নিজস্ব দাবি। রাজ্য সরকারের তরফে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।
অন্যদিকে, বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের মতামত জানানোর জন্য কর্মীদের আরও সময় দিয়েছে কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, স্মারকলিপি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমেই এই প্রস্তাব জমা দিতে হবে।
আরও পড়ুন: যশোর রোড চার লেন করার অনুমোদন, ৮ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের
তবে ঠিক কত ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হবে, ন্যূনতম বেসিক বেতন কত দাঁড়াবে কিংবা কবে থেকে নতুন বেতন কাঠামো চালু হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। কমিশনের সুপারিশ এবং রাজ্য সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সরকারি কর্মীরা।


