আনিষা চৌধুরী, কলকাতা: রাজ্যের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিতে চাইছে সরকার। সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরির (Nitin Gadkari) কাছে একগুচ্ছ প্রস্তাব রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার কোলাঘাটে গডকরির উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও সেতু নির্মাণের দাবি জানান তিনি। সেই তালিকায় রয়েছে জোকা-নামখানা এবং নন্দকুমার-দিঘা রাস্তা চার লেন করার প্রস্তাবও।
কী বললেন মুখ্যমন্ত্রী?
কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে জোকা-নামখানা রাস্তা চার লেন করার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নন্দকুমার থেকে দিঘা পর্যন্ত রাস্তা চার লেন করার প্রস্তাবও রাখেন তিনি। এ ছাড়া কলকাতা-বনগাঁ-পেট্রাপোল জাতীয় সড়কের প্রায় ৭৫ কিলোমিটার অংশ সম্প্রসারণ এবং ফলতা-বাগনান সংযোগকারী সেতু নির্মাণের দাবিও জানান শুভেন্দু। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর পর্যন্ত জাতীয় সড়কের সম্প্রসারণের বিষয়টিও তাঁর প্রস্তাবের তালিকায় রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে নিজের বক্তব্যে শুভেন্দু বলেন, “আপনি বলেছিলেন, জমির ব্যবস্থা করে দিন, আমি এক লক্ষ কোটি টাকার প্রকল্প অনুমোদন করব। আমি আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।” এরপরই একাধিক রাস্তা ও সেতু নির্মাণের প্রস্তাব তুলে ধরেন তিনি। রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয় বাড়িয়ে পরিকাঠামোগত উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষেও সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, সুন্দরবনের বিভিন্ন দ্বীপে এখনও একাধিক সেতু নির্মাণের কাজ বাকি রয়েছে। গোসাবা-বনগাঁ জাতীয় সড়ক নির্মাণের বিষয়টিও কেন্দ্রের বিবেচনার জন্য তুলে ধরেন তিনি। পাশাপাশি জামশেদপুর-পানাগড় সড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়নের আর্জি জানান। এই রাস্তা তৈরি হলে শিল্পাঞ্চলের পাশাপাশি একাধিক পর্যটনকেন্দ্রের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাও উন্নত হবে বলে মনে করছে রাজ্য সরকার।
আরও পড়ুন: কলকাতার যানজট কমাতে ১৪ হাজার কোটির রিং রোড, বড় ঘোষণা নীতিন গড়করির
এদিকে এদিন কোলাঘাটের অনুষ্ঠান থেকে বাংলার সড়ক পরিকাঠামোর উন্নয়নে এক লক্ষ কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেন নীতিন গডকরি। পাশাপাশি কলকাতার যানজট কমাতে প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির ঘোষণাও করেন তিনি। সব মিলিয়ে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্রের সঙ্গে সমন্বয় রেখে এগোতে চাইছে রাজ্য সরকার। তবে জোকা-নামখানা ও নন্দকুমার-দিঘা রাস্তা চার লেন করার বিষয়টি আপাতত শুভেন্দুর তরফে থেকে দেওয়া প্রস্তাবের পর্যায়ে রয়েছে। চূড়ান্ত অনুমোদন পেলে তবেই কাজ শুরু হবে।


