আনিষা চৌধুরী, কলকাতা: গত ২৬ আগস্ট দিনটি বহু মানুষের জীবনে অভিশাপ হয়ে নেমে এসেছিল। নেপালের ত্রিশূলী-ভোটেকোশী নদী ব্যবস্থায় ভয়াবহ হড়পা বানে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১ হাজার ৪৫৩ জন। শুধু প্রাণহানিই নয়, মুহূর্তের মধ্যে নিখোঁজ হয়ে যান আরও পাঁচ হাজারের বেশি মানুষ। সেই বিপর্যয়ে প্রিয়জনকে হারিয়ে আজও অপেক্ষার প্রহর গুনছেন বহু পরিবার। এবার নিখোঁজদের মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নেপাল সরকার। কিন্তু এই পরিস্থিতিতেও স্ত্রীকে মৃত বলে মেনে নিতে নারাজ মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় (Subhranshu Roy)। এখনও স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের ফিরে আসার আশাতেই দিন গুনছেন তিনি।
কী জানাচ্ছে নেপাল সরকার?
নেপাল সরকারের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA) ইতিমধ্যেই নিখোঁজ ভারতীয় নাগরিকদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে মোট ২১৩ জনের নাম রয়েছে। তাঁদের মৃত বলে ঘোষণা করার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এটাই চূড়ান্ত ঘোষণা নয়। তালিকায় কোনও নাম সংযোজন, বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধনের প্রয়োজন থাকলে পরিবারের সদস্যদের ২ ডিসেম্বরের মধ্যে কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসে আপত্তি বা সংশোধনের প্রস্তাব জানাতে বলা হয়েছে। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণার সিদ্ধান্ত নেবে নেপাল সরকার।
তাৎপর্যপূর্ণভাবে, ওই তালিকার ১৭৮ নম্বরে রয়েছে শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়ের নাম। স্বাভাবিকভাবেই এই খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে রায় পরিবারের। তবে এখনও আশা ছাড়তে নারাজ শুভ্রাংশু। এই বিষয়ে তাঁর বক্তব্য, ভারত সরকার কী অবস্থান নেয়, সেদিকেই নজর রাখছেন তিনি। এখনও স্ত্রীকে হারিয়ে ফেলেছেন, এমনটা বিশ্বাস করতে পারছেন না মুকুল-পুত্র।
স্ত্রীর খোঁজে মাসের পর মাস ধরে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুভ্রাংশু। সমাজমাধ্যমে বারবার স্ত্রীর ছবি দিয়ে আবেদন জানিয়েছেন তিনি। ফেসবুকে শর্মিষ্ঠার নিখোঁজ হওয়ার বিস্তারিত তথ্য, শেষবার তাঁকে কোথায় দেখা গিয়েছিল, সেই বিবরণ দিয়ে নিয়মিত পোস্ট করছেন। যদি কেউ তাঁর কোনও সন্ধান দিতে পারেন, সেই আশাতেই যোগাযোগের নম্বরও দিয়ে রেখেছেন তিনি। সময় যত এগিয়েছে, অপেক্ষা তত দীর্ঘ হয়েছে। তবুও স্ত্রীর ফেরার পথ চেয়ে অপেক্ষায় রয়েছেন শুভ্রাংশু এবং তাঁর পরিবার।
আরও পড়ুন: উদ্বোধন হয়ে গেল নতুন ফারাক্কা ব্রিজের, আরও উন্নত হবে উত্তর-দক্ষিণবঙ্গের যোগাযোগ
উল্লেখ্য, গত ২১ আগস্ট হাওড়ার একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালের উদ্দেশে রওনা দিয়েছিলেন শর্মিষ্ঠা। কৈলাস-মানস সরোবর যাত্রার পরিকল্পনা ছিল তাঁর। পরিবারের সূত্রে জানা গিয়েছে, ২৫ আগস্ট রাতে শেষবার স্বামীর সঙ্গে কথা হয়েছিল তাঁর। পরদিন অর্থাৎ ২৬ আগস্ট সকাল থেকেই নেপালে হড়পা বানের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শুভ্রাংশুর ফেসবুকে দেওয়া নিখোঁজ সংক্রান্ত তথ্য অনুযায়ী, ২৬ আগস্ট সকাল ৮টা ৪৫ মিনিটে তিব্বত সীমান্তের কাছে গিরং পোর্ট এলাকায় শেষবার দেখা গিয়েছিল শর্মিষ্ঠাকে। তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তাঁর। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর এবার তাঁকে মৃত ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত শর্মিষ্ঠাকে মৃত ঘোষণা করা হয়, নাকি তাঁর নিখোঁজ থাকার রহস্য উদঘাটনে তদন্ত জারি থাকে, এখন সেটাই দেখার।


