সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ কয়েক মাসের দুর্বলতা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি (Indian Rupee)। ২০২৬ সালের নভেম্বর মাসে এশিয়ার প্রধান মুদ্রাগুলির মধ্যে সেরা পারফরম্যান্স করা মুদ্রা হিসাবেই উঠে এসেছে ভারতীয় টাকা, যা কিনা মার্কিন ডলারের বিপরীতে প্রায় ২.৯% শক্তিশালী হয়েছে। রিপোর্ট বলছে, গত ২৫ নভেম্বর রুপি দিনের মধ্যে সর্বোচ্চ ৯২.১৮-র স্তরে পৌঁছয় এবং শেষ পর্যন্ত ৯২.২৪-এ লেনদেন শেষ করে, যা বিগত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।
রেকর্ড গড়ল ভারতীয় রুপি
আসলে রুপির এই উত্থানের পিছনে মূলত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের বিপুল পুঁজি প্রবাহ আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়াকেই সবচেয়ে বড় ভূমিকা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাজারের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজারে প্রায় ১৪.২৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। আর এতে দেশের অভ্যন্তরীণ বাজারে ডলারের সরবরাহ অনেকটাই বেড়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে নেমে আসায় ভারতের আমদানি ব্যয়ের উপর চাপ অনেকটাই কমেছে এবং তেল আমদানিকারক সংস্থাগুলির ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এ বিষয়ে এক বিশেষজ্ঞ জানিয়েছেন, বিদেশী বিনিয়োগ, তেলের নিম্নমুখী দর, রফতানিকারকদের ডলার বিক্রি এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ রুপির এই শক্তিশালী অবস্থানকে সমর্থন দিয়েছে। এমনকি বিশ্বব্যাপী এআই বিনিয়োগ, কাজের উচ্চ মূল্যায়ন ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগের কারণে বিদেশী বিনিয়োগকারীরা পুঁজির বৈচিত্রকরণের অংশ হিসেবে ভারতের শেয়ার বাজারে অর্থ ঢালছেন বলে দাবি করা হচ্ছে।
আরও পড়ুন: বকেয়া ডিএ মামলায় বড় মোড়! কর্মী সংগঠনে ফোন নবান্নের, কী জানাল রাজ্য সরকার?
এদিকে চলতি বছরের শুরুতে রুপির ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছিল এবং মে মাসে তা সর্বকালের সর্বনিম্ন ৯৪.৯৬-র স্তরে নেমে যায়। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক গত ১০ অক্টোবর একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের জন্য বিশেষ সরবরাহ উইন্ডো চালু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ফরেন এক্সচেঞ্জ সংক্রান্ত নিয়ম আরও কঠোর করা হয় এবং নির্দিষ্ট কারেন্সি ডেরিভেটিভ পজিশনের সীমা ১০০ মিলিয়ন ডলার থেকে কমিয়ে ৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। সেই কারণেই দিনের পর দিন ঘুরে দাঁড়িয়েছে ভারতীয় রুপি।


