এক রাতেই সর্বস্ব লুট! হুগলির ত্রিবেণীতে জ্যোতিষীর বাড়ির তালা ভেঙে ৩০ লক্ষের গয়না চুরি

Published:

Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে হুগলির (Hooghly) ত্রিবেণীতে এক জ্যোতিষীর বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠল। জানা গিয়েছে, তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং এক লক্ষের বেশি নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। কাজ সেরে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে ঢুকতেই এমন দৃশ্য (Hooghly Astrologer House Theft) চোখে পড়ে তাঁর। আর সেই নিয়ে সর্বস্ব হারানোর জ্বালায় রীতিমতো কান্নায় ভেঙে পড়েন তিনি। ইতিমধ্যেই এই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য শুরু হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে হুগলির ত্রিবেণীতে। গতকাল, বুধবার, রাত ৮টা নাগাদ জ্যোতিষী জয়দেব বৈরাগী বিশেষ কিছু কাজের জন্য তাঁর স্ত্রী টুম্পা ও ছেলে পবিত্রকে নিয়ে বাজারে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে অসুস্থ মা শয্যাশায়ী ছিলেন। আর সেই সুযোগটাই কাজে লাগান দুষ্কৃতীরা। বাড়ির তালা ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকার সোনার গয়না এবং এক লক্ষের বেশি নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসেন তাঁরা। বাড়ির এই হাল দেখে রীতিমতো ভয়ে হাত পা কাঁপতে থাকে তাঁদের।

কান্নায় ভেঙে পড়েন স্ত্রী টুম্পা বৈরাগী

জানা গিয়েছে, জ্যোতিষীর ছেলে প্রথমে বাড়ির দরজার তালা ভাঙা দেখতে পায়। এরপর ভিতরে ঢুকে তাঁরা দেখেন, ঘরের জিনিসপত্রও ছড়িয়ে রয়েছে, আলমারিও ভাঙা। সেখানেই রাখা ছিল সোনার গয়না ও নগদ টাকা। কিন্তু সব নিয়ে দুষ্কৃতীরা চম্পট দিয়েছে বলে জানান তিনি। এদিকে গোটা ঘটনায় সঠিক তদন্তের জন্য জয়দেব বৈরাগী তড়িঘড়ি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সঞ্চিত সর্বস্ব হারানোর যন্ত্রণায় বারবার জ্ঞান হারাতে থাকেন টুম্পা বৈরাগী। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে তাঁর সেবা শুশ্রূষা করেন। জয়দেব বৈরাগীর দাবি, পুলিশ দ্রুত চুরি যাওয়া জিনিস উদ্ধার করুক।

আরও পড়ুন: সৌরভ দাসের বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি মুম্বই পুলিশের! হাইকোর্টে জানাল কেন্দ্র

তদন্ত শুরু করেছে পুলিশ

লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মগরা থানার পুলিশ জ্যোতিষীর বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখেছে। বাড়ির সদস্য সহ আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কথাও বলেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এমনকি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তাও সঠিক জানা যায়নি। এদিকে স্থানীয়দের অভিযোগ, এলাকায় গত কয়েক দিন ধরেই চুরির ঘটনা ঘটছে। ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে ত্রিবেণীতে। এখন দেখার পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে।

google button