আনিষা চৌধুরী, কলকাতা: ভারতের আর্থিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI (Reserve Bank of India)। দেশের মুদ্রানীতি নির্ধারণ, বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ এবং মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank)। এবার ডিসেম্বরের মুদ্রানীতি পর্যালোচনায় ফের রেপো রেট বাড়াতে পারে RBI। অর্থনীতিবিদদের একাংশের পূর্বাভাস, ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৫.৭৫ শতাংশ করতে পারে RBI। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও ঘোষণা করা হয়নি।
কী বলছেন চিফ ইনভেসমেন্ট অফিসার?
এ প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন বরোদা বিএনপি পারিবাস মিউচুয়াল ফান্ডের ফিক্সড ইনকাম বিভাগের চিফ ইনভেস্টমেন্ট অফিসার প্রশান্ত পিম্পল। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে এক ধাক্কায় বেশি সুদ না বাড়িয়ে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করাই বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে। সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দাম কমায় মূল্যবৃদ্ধির আশঙ্কা কিছুটা কমেছে। তবে খাদ্যপণ্যের দাম এবং বর্ষার ঘাটতির কারণে তৈরি হওয়া সরবরাহজনিত সমস্যা এখনও যথেষ্ট উদ্বেগের কারণ। তাই ধাপে ধাপে সুদের হার বাড়িয়ে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত বলে মনে করছেন তিনি।
কিন্তু কেন ফের সুদের হার বাড়ানোর কথা ভাবছে RBI? এর অন্যতম কারণ দেশে মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি। অক্টোবর মাসে ভারতের খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে ৬.০৯ শতাংশে পৌঁছেছে, যা কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্ধারিত ৬ শতাংশের ঊর্ধ্বসীমাকেও ছাড়িয়ে গিয়েছে। খাদ্যপণ্যের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া, অপর্যাপ্ত বৃষ্টিপাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের ওঠানামা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনেও খাদ্যপণ্যের পাশাপাশি মূল মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। ফলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কড়া মুদ্রানীতি গ্রহণের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।
রেপো রেট বাড়ানোর অন্যতম উদ্দেশ্য হল বাজারে অতিরিক্ত অর্থের জোগান ও ঋণনির্ভর খরচের প্রবণতা নিয়ন্ত্রণ করা। অর্থাৎ সহজ ভাবে বললে, সুদের হার বাড়লে ব্যাঙ্কগুলির ঋণ নেওয়ার খরচ বৃদ্ধি পাবে। তার প্রভাব পড়বে গৃহঋণ, গাড়ির ঋণ এবং ব্যক্তিগত ঋণের সুদের উপর। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ঋণ নেওয়া এবং খরচ করার ক্ষেত্রে কিছুটা সতর্ক হবেন। যার ফলস্বরূপ বাজারে চাহিদার অতিরিক্ত চাপ কমবে এবং পণ্য ও পরিষেবার দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। পাশাপাশি মূল্যবৃদ্ধির প্রত্যাশা কমানো এবং টাকার ক্রয়ক্ষমতা রক্ষার ক্ষেত্রেও এমন পদক্ষেপ সহায়ক হতে পারে। তবে নতুন ঋণগ্রহীতাদের পাশাপাশি পুরনো সুদের ঋণগ্রহীতাদেরও বাড়তি খরচের মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: ডলারের বিপরীতে এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে উঠে এল ভারতীয় রুপি, দেখুন রেট
সব মিলিয়ে RBI সুদের হার বাড়ালে দেশের অর্থনীতিতে মিশ্র প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। একদিকে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সুবিধা হবে। অন্যদিকে ঋণের খরচ বেড়ে গেলে ব্যক্তিগত খরচ, ব্যবসায়িক বিনিয়োগ এবং সামগ্রিক চাহিদায় কিছুটা প্রভাব পড়তে পারে। বিভিন্ন সমীক্ষাতে আগামী কয়েক মাসে দেশের অর্থনৈতিক বৃদ্ধির গতি কিছুটা কমার পূর্বাভাস উঠে এসেছে। ফলে একদিকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধির গতি বজায় রাখা, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাই RBI-এর কাছে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।


