প্রীতি পোদ্দার, কলকাতা: মা-হারা দুই বোনের মাথার ওপর থেকে বাবার ছায়া সরে যেতেই, পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জলপাইগুড়ির নাগরাকাটায় পথদুর্ঘটনায় মৃত চা শ্রমিক সুরজ ওঁরাও এর মৃত্যুর পর দুই অনাথ মেয়ে পার্বতী ওঁরাও এবং শিবরাত্রি ওঁরাও-এর জন্য সরকারের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হল। এছাড়াও, মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারানো আদিবাসী চা শ্রমিকদের পরিবারগুলোর সঙ্গে দেখা করলেন তিনি (Suvendu Adhikari On Nagrakata Accident) এবং সকলের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিলেন।
দুই অনাথ মেয়ের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী
আগেই মাকে হারিয়েছিল পার্বতী ও শিবরাত্রি ওরাওঁ, সংসারের একমাত্র অবলম্বন ছিলেন বাবা সুরজ ওঁরাও। কিন্তু সোমবারের একটি ভয়াবহ দুর্ঘটনা নিমেষেই সব শেষ হয়ে যায়। বাবার ছায়া সরে যেতেই আশ্রয়টুকুও নিঃস্ব হয়ে যায়। এমতাবস্থায় অসহায় হয়ে পড়া চা বাগানের এই দুই অনাথ মেয়ের পাশে দাঁড়িয়ে গতকাল, বুধবার আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি অন্যান্য মৃত এবং আহতদের পরিবারের হাতে তুলে দিলেন ক্ষতিপূরণের চেক। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কঠিন সময়ে সরকার পরিবারগুলোর পাশে রয়েছে এবং আগামীতেও প্রয়োজনীয় সহযোগিতা চালিয়ে যাওয়া হবে।
ঠিক কী ঘটেছিল?
গত সোমবার নাগরাকাটার চ্যাংমারি চা বাগান এলাকায় মর্মান্তিক লরি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তিনজন চা শ্রমিক। তাঁরা হলেন শীত সরেন (৪০), হেরিলাল ওরাওঁ (৫০) এবং সুরাগ ওরাওঁ (৪০)। আহত হন অন্তত ১১ জন। যাঁদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওইদিন স্কুল ছুটির পর পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটি লরি ব্যবহার করা হচ্ছিল। বেশ কয়েকজন পড়ুয়াকে নামিয়ে দেওয়ার পরেও লরিটি যখন বাগানের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিল তখন আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়। আর তাতেই মৃত্যু হয় তিনজনের।
আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো! শিলিগুড়িতে হোটেলের ভেন্টিলেটর দিয়ে পালাল ১০ কোটির ডাকাতিতে অভিযুক্ত
এই দুর্ঘটনায় দুজন শ্রমিক ঘটনাস্থলে মারা গেলেও, একজন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়াও গাড়িতে থাকা ১০ জন স্কুলপড়ুয়া গুরুতর আহত হয়। তাদের প্রথমে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে ৮ জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগ সকলের বেশ নজর কেড়েছে। এছাড়াও ওই দুর্ঘটনায় আহত ছাত্রছাত্রীদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।


