সিভিক ভলান্টিয়ার স্বামীকে অপছন্দ, গয়না বেচে প্রেমিকের সঙ্গে দিঘা-পুরী ভ্রমণ স্ত্রীয়ের 

Published:

jhargram (1)

আনিষা চৌধুরী, কলকাতা: বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তাঁকে! সেই বিয়ে মেনে নিতে না পেরে শেষমেশ এক যুবকের হাত ধরে বাড়ি ছাড়লেন তরুণী। সঙ্গে নিয়ে গেলেন বিয়ের সোনার গয়না। তারপর সেই গয়না বিক্রি করে দিঘা থেকে পুরী, একের পর এক পর্যটনকেন্দ্র ঘুরে বেড়ালেন দু’জনে। এদিকে নতুন বউ নিখোঁজ হওয়ায় চিন্তায় পড়ে যান শ্বশুরবাড়ির লোকজন। স্বামীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা যুবককেও। এমন কাণ্ডের কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে (Jhargram)।

কী জানাচ্ছে পুলিশ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৬ অক্টোবর ঝাড়গ্রাম থানার সিভিক ভলান্টিয়ার মানস রানার সঙ্গে বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ধারেন্ডা গ্রামের এক তরুণীর। তবে বিয়েতে একেবারেই মত ছিল না তাঁর। ফুলশয্যার রাতেই স্বামীকে নিজের অপছন্দের কথা স্পষ্ট জানিয়ে দেন নববধূ। এমনকি, তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে বলেও জানান। পরদিন দুই পরিবারের সদস্যদের ডাকা হয়। এরপর বাপেরবাড়ি ফিরে যান তরুণী। পরবর্তী সময়ে কয়েকবার শ্বশুরবাড়িতে এলেও বেশিদিন থাকেননি। শেষমেশ গত ২ নভেম্বর শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

খড়্গপুর স্টেশনে শেখ হাসমত নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। এরপর দু’জনে একসঙ্গে দিঘায় চলে যান। সেখানে কয়েকদিন কাটিয়ে ঝাড়গ্রামে ফিরে আসেন তাঁরা। এরপর একটি দোকানে সোনার গয়নাগুলি বিক্রি করেন তরুণী। তা থেকে পাওয়া যায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। সেই টাকা নিয়েই পুরী বেড়াতে যান দু’জনে। পুরী থেকে ফিরে ঝাড়গ্রাম শহরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন তাঁরা। এদিকে, স্ত্রী নিখোঁজ হওয়ার পর গত ৩ নভেম্বর ঝাড়গ্রাম থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন মানস রানা।

তদন্তে নেমে গত ১৮ নভেম্বর ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। আদালতে পেশ করা হলে বিচারকের নির্দেশে তাঁকে বাপেরবাড়িতে পাঠানো হয়। অন্যদিকে, তরুণীর সঙ্গে থাকা যুবক শেখ হাসমতের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ। শেষমেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ঝাড়গ্রাম শহর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অপহরণের অভিযোগে ধৃত যুবককে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: নেপালের বন্যায় নিখোঁজ ২১৩ ভারতীয়, স্ত্রীকে ‘মৃত’ মানতে নারাজ মুকুল পুত্র শুভ্রাংশু

এদিকে, তদন্তে উঠে এসেছে আরও কিছু চাঞ্চল্যকর তথ্য। তরুণীর দাবি, খড়্গপুর স্টেশনে পরিচয়ের সময় শেখ হাসমত নিজের পরিচয় গোপন করেছিলেন। তিনি যে বিবাহিত, সে কথাও জানাননি। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তাঁর একটি সন্তানের বয়স দেড় বছর এবং অন্যটির সাড়ে চার বছর। তরুণীর ফোনে থাকা সেলফি ও কথোপকথনের সূত্র ধরেই যুবকের খোঁজ পান তদন্তকারীরা বলে জানা গিয়েছে।

google button