বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিক ভাগে ভাগ হয়ে যেতে পারে পাকিস্তান (Pakistan)! পশ্চিমের দেশকে ভেঙে 12 থেকে 15টি ছোট প্রদেশ তৈরির পরিকল্পনা নিয়ে নতুন করে শুরু হয়েছে চর্চা। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের নেতৃত্বাধীন সামরিক প্রতিষ্ঠানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বহু পুরনো রাজনৈতিক পরিবারের ক্ষমতার সমীকরণ বদলে যেতে পারে। শুধু তাই নয়, নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন পশ্চিমের দেশের একাধিক নেতা। যদিও, নতুন প্রদেশ তৈরির কোনও সরকারি মানচিত্র বা সাংবিধানিক সংশোধনী প্রকাশ্যে আসেনি।
পাকিস্তান ভাগ হয়ে গেলে ধাক্কা খেতে পারে যেসব পরিবার
রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান কয়েকটি ছোট প্রদেশে ভাগ হয়ে গেলে সবচেয়ে বড় ধাক্কা খেতে পারে ভুট্টো-জারদারি পরিবার। সিন্ধকে ভাগ করার প্রস্তাবের তীব্র বিরোধিতা করছেন পাকিস্তান পিপলস পার্টির (PPP) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং তাঁর বাবা আসিফ আলি জারদারি। আসলে সিন্ধ দীর্ঘদিন ধরেই PPP-র শক্ত ঘাঁটি। ফলে প্রদেশ ভাগ হলে দলটির ঐতিহ্যগত ভোটব্যাঙ্ক এবং ভুট্টো-জারদারি পরিবারের রাজনৈতিক প্রভাব দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।
এখানেই শেষ নয়, পাঞ্জাব পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ এবং নওয়াজ শরিফের PML-N-এর প্রধান রাজনৈতিক ঘাঁটি। সেক্ষেত্রে পাঞ্জাবকে কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে দিলে লাহোরকেন্দ্রিক শরীফ পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে ফাটল ধরতে পারে। যদিও বিশ্লেষকদের দাবি, শেহবাজ শরিফের পরিবার সরাসরি সংঘাতে না গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করতে পারে। এছাড়াও ইমরান খানের PTI-ও এই পরিবর্তনের বড় রাজনৈতিক ধাক্কা খেতে পারে।
আরও পড়ুন: ‘হাত ভেঙে দিয়ে..’ ভারতকে হুমকি বাংলাদেশের সাংসদের
বিশেষজ্ঞ মহলের দাবি, খাইবার পাখতুনখোয়াকে একাধিক অংশে ভাগ করা হলে PTI-র ঐতিহ্যগত শক্ত ঘাঁটির রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। সহজ ভাষায় বলতে গেলে, পাকিস্তান যদি একাধিক খন্ডে বিভক্ত হয়ে যায় সেক্ষেত্রে ভুট্টো-জারদারি, শরিফ এবং ইমরান—তিনটি বড় রাজনৈতিক শক্তিরই প্রাদেশিক ভোটব্যাঙ্কের ওপর নিয়ন্ত্রণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষক মহলের একাংশ বলছেন, আসিম মুনির মূলত প্রশাসনিক সংস্কারের নামে বড় বড় প্রশাসনিক রাজনৈতিক কেন্দ্রকে ছোট ছোট ইউনিটে ভাগ করে বিভিন্ন রাজনৈতিক নেতার ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কয়েকটি রিপোর্ট বলছে, এই প্রক্রিয়ায় পাকিস্তানে অস্থিরতা বাড়লে পশ্চিমের দেশের শেহবাজ শরীফ ও তার পরিবার থেকে শুরু করে ভুট্টো জারদারি পরিবার এবং ইমরান খানও পাকিস্তানের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারেন!


