আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহণ ব্যবস্থার উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গড়করি (Nitin Gadkari)। রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও মসৃণ করতে সাতটি গ্রিনফিল্ড করিডর তৈরির পরিকল্পনা সামনে এসেছে। এই প্রকল্পগুলিতে আনুমানিক দেড় লক্ষ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর ফলে দীর্ঘ দূরত্বে যাত্রার সময় অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কলকাতার যানজট কমাতে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির অনুমোদনের কথাও ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার কোটি টাকা।
কী কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী?
গ্রিনফিল্ড করিডর তৈরির মূল লক্ষ্য রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সময় কমানো এবং পণ্য পরিবহণকে আরও সহজ করা। নতুন রাস্তা তৈরি হলে গুরুত্বপূর্ণ শহর ও এলাকার মধ্যে যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে। এই প্রকল্পের ফলে সাত ঘণ্টার যাত্রাপথ কমে আড়াই ঘণ্টা হতে পারে। নতুন রাস্তা তৈরি হলে বহু যাত্রীরা নিত্যদিনের যানজট থেকে অনেকটাই মুক্তি পাবেন।
অন্যদিকে, কলকাতার রিং রোড প্রকল্প শহরের যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রস্তাবিত ২৫০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা কলকাতার বাইরের দিক দিয়ে যান চলাচলের সুযোগ তৈরি করবে। এর ফলে শহরের ভেতরে অত্যাধিক পরিমাণে যানবাহনের চাপ কমানো সম্ভব হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতিও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।
২৬ নভেম্বর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একটি অনুষ্ঠানে ২২টি সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন গড়করি। এই প্রকল্পগুলির মোট ব্যয় প্রায় ৮৭০০ কোটি টাকা। একই অনুষ্ঠানে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। কেন্দ্রের দাবি, উন্নত সড়ক যোগাযোগের ফলে শিল্প, ব্যবসা এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ার স্বামীকে অপছন্দ, গয়না বেচে প্রেমিকের সঙ্গে দিঘা-পুরী ভ্রমণ স্ত্রীয়ের
সব মিলিয়ে, সাতটি গ্রিনফিল্ড করিডর, কলকাতার রিং রোড এবং একাধিক জাতীয় সড়ক প্রকল্প ঘিরে রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের কাছে এর সুফল কত দ্রুত পৌঁছবে সেটা এই প্রকল্পগুলির বাস্তবায়ন, জমি অধিগ্রহণ এবং কাজের অগ্রগতির উপরই নির্ভর করবে।


