গঙ্গার জল নিয়ে ঢাকার ‘কঠিন’ দাবি, চুক্তি শেষের আগেই চাপে পড়ল ভারত?

Published:

Ganges Waters

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গঙ্গা জল বন্টন চুক্তির (Ganges Waters Treaty) মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের কাছে বড় আবেদন করে বসলো বাংলাদেশ (Bangladesh)। 1996 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিতই বিশেষ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী 12 ডিসেম্বর। তার আগেই নতুন চুক্তিতে গঙ্গার জল পাওয়ার ক্ষেত্রে গ্যারান্টি ক্লজ বা ন্যূনতম জলপ্রবাহ নিশ্চিত করার বিধান রাখার দাবি জানিয়েছে ঢাকা। ওপার বাংলার দাবি, 1977 সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনতে হবে।

চাপে পড়ল ভারত?

বাংলাদেশ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের জলসম্পদমন্ত্রী এমডি শহিদ উদ্দিন চৌধুরী আনী জানিয়েছেন, ভারতের সাথে গঙ্গা জল বন্টন চুক্তিতে 1977 সালের চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনাই ঢাকার অন্যতম বড় দাবি। এই বিধানের মাধ্যমে গঙ্গার জলপ্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্দিষ্ট পরিমাণ জল পায় সেটা নিশ্চিত করাই ঢাকার দায়িত্ব। সেই মর্মে, ভারতীয় জলসম্পদ মন্ত্রককেও একটি চিঠি দিয়েছে বাংলাদেশ।

বর্তমান 1996 সালের জলবন্টন চুক্তিতে গঙ্গার জলপ্রবাহ অনুযায়ী, ভারত এবং বাংলাদেশের মধ্যে নির্দিষ্ট ফর্মুলায় জল ভাগাভাগি হয়ে থাকে। তবে জলপ্রবাহ অত্যন্ত কমে গেলে জরুরি ভিত্তিতে দুই দেশ আলোচনায় বসার বিধান থাকলেও বাংলাদেশের দাবি অনুযায়ী নির্দিষ্ট ন্যূনতম জলপ্রবাহের গ্যারান্টি নেই। মূলত সেই কারণেই নিজেদের স্বার্থ সুনিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ যুক্ত করতে চাইছে ঢাকা।

কূটনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বাংলাদেশের এই দাবি মেনে নিলে চাপে পড়তে পারে ভারত। যদিও সেটা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, ইতিমধ্যেই ওপার বাংলার এমন দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে নয়া দিল্লি। কেন্দ্রের বক্তব্য, গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার জন্য দুই দেশের যৌথ নদী কমিশনের মতো প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থাই অনুসরণ করা উচিত। বিশেষজ্ঞ মহলের অনেকেই বলছেন, নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার বাধ্যতামূলক গ্যারান্টি ভারতের অভ্যন্তরীণ চাহিদা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের জন্য ভয়ানক হয়ে উঠতে পারে!

আরও পড়ুন: বিমানের মহিলাকর্মীকে যৌন হয়রানি, পুলিশের গায়ে থুতু! সিঙ্গাপুরে কঠোর শাস্তি হল বাংলাদেশির

প্রসঙ্গত, গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ শেষ হতে যেহেতু আর কয়েক সপ্তাহ বাকি ফলে, নির্ধারিত সময়ে দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে সমঝোতা না হলে গঙ্গা জল বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে তৈরি হতে পারে অনিশ্চয়তা। তবে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে ভারত ইচ্ছেমতো এই জল ব্যবহার করতে পারবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ পর্যন্ত এই চুক্তির ভবিষ্যৎ কী হয়।

google button