‘আমাদের দেশের জনগণ কি আমলকি চুষবে?’ বাংলাদেশ থেকে মন্ত্রী অর্জুন সিংকে হুঁশিয়ারি

Published:

Rizvi On Arjun

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশ (Bangladesh) দখলের হুঙ্কার দিয়েছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির পরিচিত নেতা অর্জুন সিং (Arjun Singh)। এবার রাজ্যের মন্ত্রীর সেই মন্তব্যে প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ। বাংলাদেশ ন্যাশনাল পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, 16 ডিসেম্বর ঢাকা দখলের হুমকি দিয়েছেন অর্জুন সিং। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রিজভী একেবারে হুংকার দিয়ে বলেন, ‘বাংলাদেশের জনগণ কি আমলকি চুষবে?’

অর্জুন সিংকে হুঁশিয়ারি রিজভীর

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির মাঝেই একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে অর্জুন সিং বলেছিলেন, ‘বাংলাদেশ নিয়ে নেব আমরা। যেভাবে নিতে হয় নিয়ে নেব। 16 ডিসেম্বর বাংলাদেশ দিবসে নিয়ে নেব।’ রাজ্যের পরিবহন মন্ত্রীর দাবি ছিল, বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং ওপার বাংলায় সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

অর্জুন সিংয়ের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন ওপার বাংলার শাসক দল বিএনপির নেতা। সমকালের প্রতিবেদন অনুযায়ী, রিজভী রাজ্যের মন্ত্রীকে নিশানা করে একেবারে খোলাখুলি বলেন, “আমরা সেই জাতি, 30 লাখ মানুষ অকাতরে জীবন দিয়েছেন। এছাড়াও 2 লাখ মা-বোন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আর সেখানে ভারতের একজন মন্ত্রী বললেন, 16 ডিসেম্বর তিনি ঢাকা দখল করবেন। আমাদের দেশের জনগণ কি আমলকী চুষবে?”

আরও পড়ুন: গঙ্গার জল নিয়ে ঢাকার ‘কঠিন’ দাবি, চুক্তি শেষের আগেই চাপে পড়ল ভারত?

এদিন অর্জুন সিংকে কটাক্ষ করে রিজভী আরও বলেন, “প্রতিবেশী দেশের কোনও নিচু পর্যায়ের কর্মী বললে আমার কোনও কথা ছিল না। কিন্তু একজন মন্ত্রী হয়ে এই ধরনের কথা বলা যায় না। একজন মন্ত্রী, পরিবহণমন্ত্রী এসব কথা বলেছেন.. আমি ধিক্কার জানাই।” বলে রাখা প্রয়োজন, রাজ্যের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যে হুঙ্কার দিলেও এর আগে বিভিন্ন সময়ে বারবার ভারতকে হুমকি দিয়েছিলেন এই রিজভীই।

google button