যশোর রোড চার লেন করার অনুমোদন, ৮ হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

Published:

nitin gadkari (1)

আনিষা চৌধুরী, কলকাতা: পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে জাতীয় সড়ক কর্তৃপক্ষের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকরি (Nitin Gadkari)। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি। এর মধ্যে অন্যতম বারাসত (Barasat) থেকে পেট্রাপোল (Petrapole) পর্যন্ত যশোর রোড (Jessore Road) চার লেন করার পরিকল্পনা।

কী জানালেন মহাসড়ক মন্ত্রী?

প্রায় ৭৫ কিলোমিটার দীর্ঘ বারাসত–পেট্রাপোল রাস্তা চার লেনে সম্প্রসারণের জন্য ৮,০০০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন গডকরি। এই প্রকল্পের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আন্তর্জাতিক সীমান্ত ও দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোলের সঙ্গে যোগাযোগ আরও উন্নত করতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এদিন কলকাতার যানজট সমস্যা মেটাতে প্রায় ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির প্রস্তাবেও সায় দেন কেন্দ্রীয় মন্ত্রী। এই প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৪ হাজার কোটি টাকা। কলকাতা, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি ডানকুনি থেকে কোলাঘাট পর্যন্ত ৫৮ কিলোমিটার দীর্ঘ আট লেনের করিডর তৈরিতে ২০ হাজার কোটি টাকা এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে সাত কিলোমিটার দীর্ঘ ছয় লেনের উড়ালপুল তৈরিতে এক হাজার কোটি টাকার প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। এছাড়া নন্দকুমার, দিঘা রাস্তা চার লেন করার পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুন: জোকা-নামখানা ও নন্দকুমার-দিঘার চার লেনের রাস্তা, গডকরির কাছে একগুচ্ছ দাবি মুখ্যমন্ত্রীর

যশোহর রোড চার লেন হলে বারাসত থেকে পেট্রাপোল পর্যন্ত যাতায়াত আরও মসৃণ হবে। যানজট কমার পাশাপাশি পণ্যবাহী গাড়ির চলাচল সহজ হবে। বিশেষ করে পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ বাণিজ্যের ক্ষেত্রে এই রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী ও পরিবহণ ক্ষেত্রও উপকৃত হবে।

google button