অনন্যা সরকার, দক্ষিণ ২৪ পরগণা: দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দারা সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলগুলোর সঙ্গে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে এবার পশ্চিমবঙ্গ পরিবহন নিগম (WBTC) দুদিন আগেই দুটি নতুন রুটে বাস পরিষেবা চালু করেছে (WBTC BUS)। আশা করা হচ্ছে, এই নতুন পরিষেবাগুলো কেবল সড়ক যোগাযোগ ব্যবস্থাই উন্নত করবে না, তার সাথে সুন্দরবনের পর্যটন শিল্পকেও চাঙ্গা করে তুলবে। প্রাথমিকভাবে এই দুটি রুটে প্রায় ২০টি বাস চালু করা হয়েছে। তবে সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার জানিয়েছেন, যাত্রীদের চাহিদা অনুযায়ী ভবিষ্যতে বাস সংখ্যা আরও বাড়ানো হবে।
চালু হল দুটি নতুন বাস পরিষেবা
নতুন রুট দুটির প্রথমটি (D42) সুন্দরবনের প্রবেশদ্বার ধামাখালি থেকে শুরু হয়ে সায়েন্স সিটি, উল্টোডাঙা ও বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত যাবে। আর দ্বিতীয় রুটটি (D21A) ন্যাজাট থেকে শুরু হয়ে সায়েন্স সিটি ও বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত পৌঁছাবে। বাসগুলোর সময়সূচিও প্রকাশ্যে এসেছে। ন্যাজাট থেকে এই সরকারি বাসগুলো সকাল ৭:০০টা ও বিকেল ৩:০০টায় ছাড়বে। অন্যদিকে, বারাসত থেকে ন্যাজাটগামী বাসগুলো ছাড়বে সকাল ৭:৩০-এ ও বিকেল ৩:০০টায়। আবার, ধামাখালি থেকে বাসগুলো বিকেল ৩:০০টা ও বিকেল ৪:৩০-এ ছাড়বে। আর বারাসত থেকে ধামাখালির উদ্দেশ্যে বাসগুলো ছাড়বে সকাল ৭:০০ টা ও সকাল ১১:০০ টায়।
এই ডব্লিউবিটিসি বাসে ন্যাজাট থেকে বারাসত পর্যন্ত ভাড়া ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ধামাখালি থেকে বারাসত পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ৭০ টাকা। তবে সরকারি নিয়ম অনুযায়ী, মহিলা যাত্রীদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্য। উপযুক্ত পরিচয়পত্র দেখিয়ে মহিলারা এই বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
আরও পড়ুন: চালু হল হলদিয়া থেকে ঝাড়গ্রাম সরাসরি বাস পরিষেবা, রইল রুট ও সময়সূচি
সন্দেশখালির বিধায়ক সনৎ সর্দার বলেন, এই নতুন রুটে বাস পরিষেবা চালু হওয়ার ফলে সন্দেশখালি ও কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত হবে। কম সময়ে সরাসরি যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আগামী দিনে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন বিধায়ক। তিনি আশা প্রকাশ করছেন যে, এই নতুন পরিষেবাগুলো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে।


