প্রীতি পোদ্দার, কলকাতা: ক্রমেই পারদ পতন হচ্ছে রাজ্যে, ধীরে ধীরে দক্ষিণবঙ্গকেও ছুঁয়েছে শীতের আমেজ। যদিও এখনও জাঁকিয়ে শীত পড়তে ঢের দেরি। এদিকে এখন থেকেই নলেন গুড় (Nolen Gur Quality) নিয়ে বেশ উত্তেজিত বাঙালি জাতি। কারণ নলেন গুড় ছাড়া বাঙালির শীত যেন অপূর্ণ। কিন্তু এই গুড়ের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভেজালের আশঙ্কাও। তাই কেনার আগে খাঁটি নলেন গুড় (Pure Nolen Gur) চিনে নেওয়া খুব জরুরি।
বাঙালির ইমোশন নলেন গুড়
সাধারণত গ্রাম্য পরিবেশে নলেন গুড় তৈরি হয় সূর্য ওঠার আগেই। কুয়াশায় মোড়া ভোর বেলায় কনকনে ঠাণ্ডায় তাজা খেজুরের রস সংগ্রহ করা হয়। তারপর ধীরে ধীরে সেটি জ্বাল দেওয়া হয়। হিসেব অনুযায়ী এক কেজি খাঁটি নলেন গুড় বানাতে প্রায় সাত কেজি রস লাগে। তারপরেই আসল ও খাঁটি নলেন গুড় তৈরি হয়। কিন্তু সেই স্বাদেও ভাগ বসায় ভেজাল। তাই খাঁটি নলেন গুড় কেনার আগে অবশ্যই এই তিনটি জিনিস যাচাই করে নিন।
স্বাদ ও গন্ধ বুঝে কিনুন গুড়
ঝোলা খেজুর গুড় বা নলেন গুড় কিনতে গেলে প্রথমে যে কাজটি করবেন তা হল, সামান্য গুড় একটু চেখে নিন। যদি গুড় কিছুটা নোনতা স্বাদের হয় তাহলে সেই গুড় কিনবেন না। কারণ খাঁটি নলেন গুড় কখনোই নোনতা স্বাদের হবে না। এমনকি এই গুড় কেনার ক্ষেত্রে ভালো করে গন্ধ বিচার করে নিতে হবে। খেজুর গুড়ের গন্ধ মন জুড়িয়ে দেবে কিন্তু তাতেও ভেজাল থাকতে পারে। কারণ অনেক সময় গুড়ের কৃত্রিম সুবাস আনার জন্য রাসায়নিক মেশানো হয়। তাই গন্ধ শুঁকেই সেই গুড় খাঁটি বলে ধরে নেবেন না।
আরও পড়ুন: শীতে বিছানা গরম রাখার কিছু ঘরোয়া টিপস্
রং যাচাই করে কিনবেন
নলেন গুড়ের রং সাধারণত গভীর সোনালি হয়। তাই গাঢ় লাল কিংবা খয়েরি রঙের গুড় দেখলেই বুঝতে হবে তাতে মাত্রাতিরিক্ত রাসায়নিক মেশানো আছে। এছাড়াও গুড় যদি খুব ফ্যাকাশে বা হলদেটে রং হয় তাহলে তা রাসায়নিক ব্যবহারের ইঙ্গিত। আবার অস্বাভাবিক চকচকে গুড়ও ভেজালের লক্ষণ হতে পারে, যা শরীরের পক্ষেও ক্ষতিকারক। শুধু তাই নয়, ঝোলা বা তরল নলেন গুড় সাধারণত ঘন ও আঠালো হয়। কিন্তু সেই গুড় যদি বেশি জলীয় মনে হয় তাহলে বুঝতে হবে তাতে চিনির সিরাপ মেশানো হয়েছে।


