হাবড়ায় বহুমূল্য পেয়ারা চারা চুরি করে গ্রেফতার তিন, দাম জানলে অবাক হবেন!

Published:

Guava saplings theft

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগনা: পেয়ারা নয়, একেবারে আস্ত পেয়ারা গাছ চুরি! তাও আবার যে সে পেয়ারা নয়, থাইল্যান্ডের মূল্যবান রেড ড্রাগন পেয়ারা (Red Dragon Guava Saplings Theft)। হাবরার এক পেয়ারা চাষির বাগান থেকে তিন ব্যক্তি চুরি করেন এই দুর্লভ পেয়ারা গাছের চারাগুলি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। হাবড়া থানায় অভিযোগ করা হলে তদন্তে নামে পুলিশ। চারা চুরির অভিযোগে তিন অভিযুক্তকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে।

চুরি হয়ে গেল প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের পেয়ারা চারা 

নানা ধরনের চুরির ঘটনা আকছার সামনে আসে। তবে পেয়ারা চারা চুরির এই ঘটনায় শোরগোল পড়ে গেছে এলাকা জুড়ে। পুলিশ বুধবার রাতে তিন অভিযুক্ত – হাবড়ার বাসিন্দা তাহাজুল মন্ডল এবং দেগঙ্গার বাসিন্দা শাহরুখ মন্ডল এবং শাহাবুদ্দিন মন্ডলকে গ্রেফতার করেছে। তাদের বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বারাসত আদালতে পেশ করা হয়েছে। 

অভিযোগ করা হয়েছে যে, এক পেয়ারা চাষির মাঠ থেকে বেশ কয়েকটি রেড ড্রাগন পেয়ারার চারা চুরি করে পালিয়ে যায় অভিযুক্তরা। ওই বিশেষ পেয়ারা চারাগুলি থাইল্যান্ড থেকে আনা মূল্যবান রেড ড্রাগন প্রজাতির, যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকারও বেশি। কৃষকের অভিযোগ পেয়ে হাবরা থানা পুলিশ তদন্তে নামে এবং ওই তিন ব্যক্তিকে বুধবার গ্রেফতার করে। 

আরও পড়ুন: আরও দ্রুত যাওয়া যাবে দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ, রোপওয়ে বানানোর প্রস্তাব মুখ্যমন্ত্রীর

পুলিশ হেফাজতে রেখে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই মূল্যবান চারা গাছগুলির সন্ধান করা হবে। এই ঘটনায় আরো কেউ যুক্ত রয়েছে কি না, সেবিষয়েও জানতে চাওয়া হবে। তাছাড়া অভিযুক্তরা আর কোনো মাঠে চুরি করেছে কিনা, তাও তদন্ত করে দেখবে পুলিশ। ধৃতরা চুরির কথা স্বীকার করে নিলেও, এখনো পর্যন্ত এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা, তা নিশ্চিত ভাবে জানা যায়নি।

google button