অনন্যা সরকার, একটা ছোট্ট আইডিয়া জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এরই এক উজ্জ্বল উদাহরণ হলেন তিন বন্ধু, যাঁরা মাত্র ৯৯ টাকা দিয়ে শুরু করে আজ হয়েছেন কোটিপতি (Success Story of PrepInsta Founders)। অতুল্য ও মিরাটের তাঁর দুই রুমমেট, মনীশ আগরওয়াল ও আশয় মিশ্র, ২০১৯ সালের এপ্রিলে ‘প্রেপইনস্টা’ (PrepInsta) নামে একটি এডটেক স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। এই স্টার্টআপটি ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আইটি কোম্পানিতে চাকরির জন্য প্রস্তুত করে। বর্তমানে কোম্পানিটি ২০০টিরও বেশি কোর্স অফার করে ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ট্রায়ালের সুযোগও দেয়। চলুন তাহলে অতুল্য কৌশিক এবং তাঁর বন্ধুদের সাফল্যের যাত্রা সম্পর্কে জেনে নেওয়া যাক।
তিন বন্ধুর এড-টেক জার্নি
উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা অতুল্য দয়াবতী মোদী একাডেমি থেকে দ্বাদশ শ্রেণি শেষ করে ভিআইটি, ভেলোর (VIT Vellore) থেকে কম্পিউটার সায়েন্সে বি.টেক ডিগ্রি অর্জন করেন। তিনি গুগল পে (Google Pay)-এর মতো প্রতিষ্ঠানে টেকনিক্যাল লিড হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে, ইন্সটামোজো নামের এক।বেঙ্গালুরু-ভিত্তিক ফিনটেক স্টার্টআপে কাজ করার সময় তিনি উপলব্ধি করেন যে, চাকরি পাওয়ার জন্য প্রায়শই প্রয়োজনীয় জ্ঞান ও প্রস্তুতির অভাব থাকে শিক্ষার্থীদের।
এই উপলব্ধি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি মাইগিকমাঙ্কি (mygeekmonkey.com) নামে একটি উদ্যোগ চালু করেন, যেখানে তিনি মাত্র ৯৯ টাকায় চাকরি-সংক্রান্ত টিপস সম্বলিত পিডিএফ বিক্রি করতে শুরু করেন। প্রথম দিনেই তিনি ২৯৯ টাকা আয় করেন এবং নয় মাসের মধ্যে তাঁর আয় বেড়ে দাঁড়ায় ৪৫ লক্ষ টাকায়। এই সাফল্য তাঁকে একটি নতুন স্টার্টআপ শুরু করার জন্য অনুপ্রাণিত করে।
আরও পড়ুন: সন্তানকে বড় করার জন্য মা ছাড়েন সরকারি চাকরি, NEET ক্র্যাক করে ডাক্তার হওয়ার পথে ছেলে
এরপর ২০১৯ সালের এপ্রিলে, অতুল্য, মনীশ এবং আশয় মাত্র ৯৯ টাকায় কেনা একটি ডোমেইন দিয়ে নয়ডা থেকে প্রেপইনস্টার সূচনা করেন। শুরুতে, সংস্থায় যোগ্য কর্মী নিয়োগ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল, কারণ সীমিত পুঁজির কারণে উচ্চ বেতন দেওয়া তাদের পক্ষে কঠিন ছিল। তা সত্ত্বেও, তাঁরা পরিশ্রমী টিম মেম্বার খুঁজে বের করতে হাল ছাড়েননি। তাঁরা শিক্ষার্থীদের এক থেকে দুই মাসের একটি বিনামূল্যে ট্রায়াল অফার করেন, যার পরে ‘প্রেপইনস্টা প্রাইম’ প্যাকেজটি চালু হয়, যেখানে ২০০টিরও বেশি কোর্সে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
এছাড়াও, তাঁরা প্রার্থীদের বার্ষিক বেতন প্যাকেজের ৫-১০% কমিশন নিয়ে বিভিন্ন কোম্পানিতে সরাসরি চাকরির ব্যবস্থা করে দেন। তাঁরা কলেজগুলোর সাথে যোগাযোগ করে পার্টনারশিপের মাধ্যমে ছাড়যুক্ত সাবস্ক্রিপশনও প্রদান করতেন। এভাবেই পাঁচ বছরের মধ্যে, কোম্পানিটির টার্নওভার ৮ কোটি টাকায় পৌঁছে যায়। এখন ওয়েবসাইটে প্রতি মাসে ২০ লক্ষেরও বেশি ভিজিটর আসেন এবং প্রেপইন্সটার ৩ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। এই সংস্থার সাহায্যে অনেক শিক্ষার্থী টিসিএস, অ্যামাজন এবং ডেলয়েটের মতো কোম্পানিতে চাকরি পেয়েছেন, যেখানে সর্বোচ্চ স্যালারি প্যাকেজ ১.০৩ কোটি পর্যন্ত পৌঁছেছে। অতুল্য ও তাঁর বন্ধুদের এই সাফল্যের কাহিনী প্রমাণ করে যে, একটি ভালো আইডিয়া, ধৈর্য ও অধ্যবসায় থাকলে স্বল্প পুঁজি দিয়ে শুরু করেও ব্যবসায়ে ব্যাপক সাফল্য অর্জন করা সম্ভব।


