অনন্যা সরকার, উত্তরপ্রদেশ: কথায় বলে, জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে সাফল্য নিজে থেকেই এসে ধরা দেয়। কঠোর একাগ্রতা ও পরিশ্রমের দ্বারা উত্তর প্রদেশের শাশ্বত প্যাটেল নিজের চেষ্টায় নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন (NEET UG success story of Shashwat Patel) । তিনি ৫৯৬ নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে ১১,৪১৯তম স্থান অর্জন করে নিয়েছেন। এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তি হওয়ার পর, এখন তাঁর লক্ষ্য স্নায়ুরোগ বিশেষজ্ঞ (Neurologist) হওয়া। আসুন শাশ্বতর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক।
ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন মনে লালন করতেন শাশ্বত
উত্তরপ্রদেশের ফতেপুর জেলার ঝাউ মেদনীপুর গ্রামের বাসিন্দা শাশ্বত প্যাটেলের বাবা পরশুরাম প্যাটেল তেলিয়ানি উন্নয়ন ব্লকের পানাই ইনায়েতপুর জুনিয়র হাই স্কুলের একজন শিক্ষক। হাই স্কুলে পড়ার সময় থেকেই শাশ্বত ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন। ২০২২ সালে ঠাকুমা মুন্নি দেবী অসুস্থ হয়ে পড়লে, শাশ্বত তাঁর বাবার সঙ্গে কানপুরের একটি হাসপাতালে যান। সেখানে তাঁর মামা ডা. রঞ্জিত প্যাটেলকে কাজ করতে দেখে তাঁরও ডাক্তার হওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায়।
শাশ্বত দশম শ্রেণির পরীক্ষায় ৯৪ শতাংশ এবং ২০২৪ সালে হ্যান্সগ্রিন পাবলিক স্কুল থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। তিনি অনলাইনে নিটের জন্য প্রস্তুতির একটি প্যাকেজ ব্যবহার করতেন এবং প্রতিদিন তিনটি বিষয়ের প্রতিটির জন্য দুই ঘণ্টা করে ক্লাস করতেন। গত বছর পর্যন্তও তাঁর নিজের কোনো মোবাইল ফোন ছিল না। তিনি বাবার দেওয়া একটি ট্যাবলেটের মাধ্যমে ক্লাস করতেন। এমনকি বিদ্যুৎ বিভ্রাটের কারণে ট্যাবলেটের চার্জ শেষ হয়ে গেলেও, তিনি আগে থেকে রেকর্ড করে রাখা লেকচারগুলো দেখে পড়াশোনা চালিয়ে যেতেন।
আরও পড়ুন: সন্তানকে পড়াতে অক্লান্ত পরিশ্রম নিরক্ষর বাবা-মায়ের, NEET ক্র্যাক করে ডাক্তার হওয়ার পথে কৃষকের ছেলে
শাশ্বতর প্রতিদিনের রুটিন শুরু হতো ভোর ৫টায়। গবাদি পশুর দেখাশোনা করা ও পশুর খাবারের জন্য ঘাস কাটার মতো ঘরের কাজগুলো সেরে, সকাল ৮টা নাগাদ তিনি একটি শান্ত ঘরে পড়াশোনা করতে বসে পড়তেন। সন্ধ্যায় তিনি লিখে লিখে বিভিন্ন প্রশ্ন সমাধান করতেন। গত দুই বছরে কোনো আত্মীয়দের বাড়িতেও যাননি শাশ্বত।
শাশ্বতর এই সাফল্যের পিছনে তার বাবা-মায়ের অবদান অনেকখানি। তাঁর মা রীতা দেবী টেট (TET) ও সিটিইটি (CTET) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিকোহাবাদে শিক্ষকতার সুযোগ পেয়েও সন্তানদের বড় করার দিকে মনোযোগ দেওয়ার জন্য সেই চাকরিটি গ্রহণ করেননি। তাঁর মায়ের এই ত্যাগ শাশ্বতকে নিজের লক্ষ্যে আরও অবিচল করে তুলেছিল। যদিও তাঁর বাবা-মা তাঁকে প্রথমে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করার পরামর্শ দিয়েছিলেন, তবুও তিনি ডাক্তার হওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন এবং তার পরিবার তাঁর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থনও জানায়। সেই সমর্থনের পাশাপাশি নিষ্ঠা, অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের জোরে শাশ্বত প্যাটেল ২০২৬ সালের নিট পরীক্ষায় সফলভাবে ১১,৪১৯তম র্যাঙ্ক অর্জন করে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন।


