আনিষা চৌধুরী, কলকাতা: শীতকাল মানেই নলেন গুড়ের মিষ্টি গন্ধ। আর সেই নলেন গুড় দিয়ে তৈরি ঘন, সুস্বাদু পায়েস হলে তো কথাই নেই! ঠান্ডার দিনে দুপুরের খাবারের শেষে কিংবা সন্ধ্যার মিষ্টিমুখে এক বাটি নলেন গুড়ের পায়েসের জুড়ি মেলা ভার। দুধ, গোবিন্দভোগ চাল আর খাঁটি নলেন গুড়ের মেলবন্ধনে তৈরি এই বাঙালি পদ স্বাদে যেমন অতুলনীয়, তেমনই এর সুবাস মন ভরিয়ে দেয়। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করতে পারেন এই সুস্বাদু পায়েস (Rice Pudding)। কী কী লাগবে এবং কীভাবে বানাবেন, ঝটপট জেনে নিন।
নলেন গুড়ের পায়েস বানাতে কী কী লাগবে?
- গোবিন্দভোগ চাল – আধ কাপ
- ফুল ফ্যাট দুধ – ১ লিটার
- নলেন গুড় – ১৫০ থেকে ২০০ গ্রাম (স্বাদ অনুযায়ী)
- তেজপাতা – ১টি
- ছোট এলাচ – ২-৩টি
- কাজুবাদাম – ৮-১০টি
- কিশমিশ – ১০-১২টি
- ঘি – ১ চা চামচ
কীভাবে বানাবেন নলেন গুড়ের পায়েস?
- প্রথম ধাপ: প্রথমে গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর চালের সঙ্গে সামান্য ঘি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে চালের সুগন্ধ আরও ভালোভাবে ফুটে উঠবে।
- দ্বিতীয় ধাপ: এবার একটি গভীর পাত্রে দুধ ঢেলে মাঝারি আঁচে বসিয়ে দিন। দুধ ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে তাতে তেজপাতা ও এলাচ দিয়ে দিন। মাঝে মাঝে নাড়তে থাকুন, যাতে পাত্রের তলায় দুধ লেগে না যায়।
- তৃতীয় ধাপ: দুধ কিছুটা ঘন হয়ে এলে তাতে আগে থেকে ধুয়ে রাখা চাল দিয়ে দিন। এবার কম আঁচে ভালো করে রান্না করুন। চাল সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পায়েসের দুধ ঘন হয়ে এলে তাতে কাজুবাদাম ও কিশমিশ মিশিয়ে দিন।
- চতুর্থ ধাপ: চাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে পায়েস কিছুটা ঠান্ডা হতে দিন। এবার আগে থেকে ছোট ছোট করে রাখা নলেন গুড় মিশিয়ে দিন। গুড় সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়ুন।
- পঞ্চম ধাপ: সবশেষে পায়েসের উপর সামান্য কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন।
আরও পড়ুন: রাস পূর্ণিমার ভোগে বানান পারফেক্ট চিনির নারকেল নাড়ু, রইল পদ্ধতি
নলেন গুড় মেশানোর আগে পায়েস কিছুটা ঠান্ডা করে নেওয়া জরুরি। ফুটন্ত দুধে সরাসরি গুড় মেশালে দুধ ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই গ্যাস বন্ধ করার পরেই গুড় মেশাবেন। আর পায়েস বেশি ঘন হয়ে গেলে সামান্য গরম দুধ মিশিয়ে পছন্দমতো ঘনত্ব ঠিক করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন বাঙালির অমৃত নলেন গুড়ের পায়েস।


