প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই আসছে রাস পূর্ণিমা। এ পূর্ণিমা তিথিতে অনেকের বাড়িতে যেমন রাধা কৃষ্ণের পুজো করা হয় ঠিক তেমনি আবার অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। আর বাঙালির কাছে লক্ষ্মী পুজোর মূল আকর্ষণ হল নাড়ু (Naru)। অনেকের বাড়িতে পুজোর আগের দিন রাতে ঠাকুমা দিদিমা মা মাসিরা যত্ন নিয়ে নারকেলের নাড়ু, তিলের নাড়ু বানিয়ে থাকে। কিন্তু এমন অনেকেই আছেন যারা চিনির নাড়ু (Chinir Narkel Naru) বানাতে পারেন না। আজকে প্রতিবেদনটি শুধুমাত্র তাদের জন্য। চলুন শিখে নেওয়া যাক কীভাবে এটি বানানো যায় ।
উপকরণ
চিনির নারকেল নাড়ু বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল – ২টি নারকেল, ১.৫ কাপ চিনি, এলাচ গুঁড়ো, জায়ফল।
রান্নার পদ্ধতি
- প্রথমে ২টি নারকেল ফাটিয়ে তার থেকে জল আলাদা করে একটি পাত্রে রেখে ভালো করে কুড়িয়ে নিতে হবে। দেখবেন এই সময় নারকেলের খোলার গুঁড়ি না পরে। এরজন্য আগে থেকে নারকেলের খয়েরি অংশটা জল দিয়ে ধুয়ে নিতে হবে।
- এবার একটি পাত্রে প্রায় ২ কাপ মতন নারকেল কোড়া নিয়ে ওর মধ্যে ১.৫ কাপ চিনি ভালো করে মিশিয়ে মেখে নিতে হবে। অন্তত ২ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। তারপর সেটি ঢাকা দিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিতে হবে।
- ৩০ মিনিট ঢাকা দেওয়ার পর দেখবেন নারকেলের জল অনেকটা শুকিয়ে এসেছে এবং চিনিগুলো ভালো করে গলে গিয়ে নারকেল কোড়ার সঙ্গে মিশে গিয়েছে। এবার মাঝারি ফ্লেমে একটি শুকনো কড়াই নিয়ে নিতে হবে।
আরও পড়ুন: চালগুঁড়ো দিয়ে রাসপূর্ণিমায় বাড়িতেই বানান মুচমুচে আনন্দ নাড়ু, রইল সহজ রেসিপি
- কড়াইটা গরম হয়ে এলে এবার নারকেল কোড়া ও চিনির মিশ্রণ ঢেলে দিতে হবে। ভালো করে সম্পূর্ণটা মেখে নিতে হবে। যতক্ষণ না চিনিটা পুরো গলে যাচ্ছে ততক্ষণ গরম করতে হবে। এরজন্য হয়ত সময় লাগবে ৮-১০ মিনিট।
- চিনি সম্পূর্ণ গলে এলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। এবং ওই মিশ্রণের মধ্যে এলাচ গুঁড়ো এবং জায়ফল সামান্য ঘষে সেই গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। পুনরায় সেই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
- নারকেলের পাকটা হয়ে আসতেই এবার সেই মিশ্রণটা নামিয়ে নিতে হবে। এবং ছোট লাড্ডুর মত নাড়ুগুলো গোল গোল করে বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে ওই মিশ্রণের মধ্যে তরল দুধ বা গুড়ো দুধও ব্যবহার করতে পারেন। ব্যস, তাহলেই তৈরি চিনির নারকেল নাড়ু।


