ফের বাসের ভাড়া বৃদ্ধির ইঙ্গিত পরিবহনমন্ত্রীর, কত হবে মহার্ঘ?

Published:

bus

আনিষা চৌধুরী, কলকাতা: ট্রেনের পরেই বহু মানুষের কাছে নির্ভরযোগ্য এবং কম খরচে যাতায়াতের অন্যতম মাধ্যম হল বাস। প্রতিদিন কর্মস্থল থেকে শুরু করে স্কুল-কলেজ কিংবা অন্যান্য প্রয়োজনে বাসে যাতায়াত করেন অসংখ্য মানুষ। বিশেষত নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের কাছে বাসই যাতায়াতের অন্যতম ভরসা। ফলে বাসের ভাড়া বেড়ে গেলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন সাধারণ যাত্রীরা। এবার রাজ্যে বাসের (Bus) ভাড়া বৃদ্ধি নিয়ে তেমনই ইঙ্গিত দিলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। বেসরকারি বাস মালিক সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে ক্যাবিনেটে আলোচনার কথা জানিয়েছেন তিনি।

কতটা বাড়তে পারে বাসের ভাড়া?

এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন, “ভালো পরিষেবা পেতে গেলে বাস ভাড়া বাড়ানো উচিত। বেসরকারি বাসের অবস্থা খুব খারাপ। টোটো বাজার খেয়ে ফেলেছে। বাস মালিকরা প্রস্তাব দিয়েছে ভাড়া বাড়ানোর। ক্যাবিনেটে এই বিষয়ে আলোচনা হবে।” অর্থাৎ, বাসের ভাড়া বৃদ্ধির প্রস্তাব নিয়ে রাজ্য সরকার আলোচনা করবে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শুধু ভাড়া বাড়ালেই হবে না, যাত্রী পরিষেবার মানও উন্নত করতে হবে বলে আগেই জানিয়েছিলেন মন্ত্রী। অন্যদিকে, ভাড়া বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “দেখ কেমন লাগে তো বলতে পারব না, তবে দেখুন কেমন লাগে!”

এদিকে, বাস মালিক সংগঠনগুলির দাবি, দীর্ঘদিন ধরে বাসের ভাড়া অপরিবর্তিত থাকলেও পাল্লা দিয়ে বেড়েছে বাস চালানোর খরচ। সর্বশেষ ২০১৮ সালে বাসের ভাড়া সংশোধন করা হয়েছিল। সেই সময় ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ৬৮ টাকা, বর্তমানে তা বেড়ে প্রায় ১০০ টাকা হয়েছে বলে সংগঠনের দাবি। শুধু জ্বালানিই নয়, বাসের যন্ত্রাংশ, লুব্রিক্যান্ট, বিমা, রোড ট্যাক্স, রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতনের খরচও বেড়েছে। নতুন ইউরো-৬ বাসে ডিজেল এক্সহস্ট ফ্লুইড (DEF) ব্যবহারের কারণেও অতিরিক্ত খরচ হচ্ছে। বাস মালিকদের সংগঠনের জমা দেওয়া হিসাব অনুযায়ী, এই ব্যবসায় গড়ে প্রায় ৬৯ শতাংশ ক্ষতি হচ্ছে। একটি বাস পরিবহণ ব্যবসা শুরু করতে ন্যূনতম ৮০ লক্ষ টাকা বিনিয়োগের প্রয়োজন বলেও জানানো হয়েছে। অন্যদিকে, কলকাতার বেসরকারি বাসের ন্যূনতম সরকারি ভাড়া বর্তমানে ৭ টাকা হলেও মালিক সংগঠনগুলি প্রথম চার কিলোমিটারের জন্য ১৮ টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে এই প্রস্তাবে এখনও সরকারের অনুমোদন মেলেনি। পরিবহণমন্ত্রী অর্জুন সিংও জানিয়েছেন, যাত্রীদের আর্থিক পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সংগঠনের দেওয়া হিসাব অনুযায়ী, গোটা রাজ্যে ২০২০-২১ সালে বেসরকারি রুটের বাসের সংখ্যা ছিল প্রায় ১১,৫০০। ২০২৬-২৭ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৭,০০০-এ। অন্যদিকে, বৃহত্তর কলকাতার ক্ষেত্রে ২০২০-২১ সালে বেসরকারি রুটের বাস ছিল প্রায় ৬,৭০০, বর্তমানে তা কমে হয়েছে প্রায় ৩,৫০০। অর্থাৎ, রাজ্যের পাশাপাশি কলকাতাতেও বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাস মালিকদের বক্তব্য, টোটোর সঙ্গে প্রতিযোগিতা, যাত্রী সংখ্যা কমে যাওয়া এবং ক্রমবর্ধমান পরিচালন খরচের কারণে অনেক রুটে বাস চালানো অলাভজনক হয়ে পড়েছে। এমনকি কিছু ক্ষেত্রে রুটের সংখ্যা কমানো বা পরিষেবা বন্ধ রাখার পথেও হাঁটতে হচ্ছে মালিকদের।

আরও পড়ুন: রামের অযোধ্যা থেকে সীতার জনকপুর, কালই শুরু হচ্ছে ভারত-নেপাল ট্রেন পরিষেবা

অন্যদিকে, বাসের ভাড়া বাড়লে তার সরাসরি প্রভাব পড়বে নিত্যযাত্রীদের দৈনন্দিন খরচে। বিশেষ করে যাঁরা প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের জন্য একাধিকবার বাসে ওঠেন, তাঁদের মাসিক যাতায়াতের খরচ অনেকটাই বেড়ে যেতে পারে। এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে চাপে রয়েছেন সাধারণ মানুষ। তার উপর বাসের ভাড়া বাড়লে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের বাজেটে অতিরিক্ত চাপ তৈরি হবে। সাধারণ যাত্রীদের একাংশের বক্তব্য, ভাড়া বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হবে তাঁদের। ফলে একদিকে বাস পরিষেবা টিকিয়ে রাখতে মালিকদের দাবি, অন্যদিকে সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি, এই দুই দিক বিবেচনা করেই শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, এখন সেদিকেই নজর।

google button