আকভানের রেশ কাটতেই বঙ্গে ঠান্ডার ইঙ্গিত, কবে নামবে পারদ? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণিঝড় আকভান শক্তি হারাতেই সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে কমেছে বৃষ্টির দাপট। এদিকে অগ্রহায়ণের শুরুতে বঙ্গের বাতাসের শীতের মেজাজ বেশ স্পষ্ট। তার উপর বিগত কয়েকদিন বৃষ্টিপাত (Rain) হওয়ায় পারদ কমেছে খানিক। আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষদিকেই রাজ্যে প্রবেশ করবে শীত। এদিকে আগামীকাল, (Weather Tomorrow) সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আজকের আবহাওয়া

কিছু দিন আগে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে একটানা বৃষ্টি হয়েছিল। আর তাতেই রাস্তাঘাটে জল জমে যাতায়াত ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছিল। তবে আজ, রবিবার সকাল থেকেই দুর্যোগের মেঘ কেটে গিয়েছে। আজ সকাল থেকেই মোটের উপর শুকনো আবহাওয়া দেখা গিয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। মাঝে মধ্যে কালো মেঘের আনাগোনা দেখা গেলেও খানিক পরেই পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ। তবে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার, কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতি হবে এবং মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশের দেখা মিলতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: আগামীকাল থেকেই শুরু হচ্ছে যুবশক্তির আবেদন! বেকারদের জন্য বড় খবর

কমবে তাপমাত্রা

হাওয়া অফিস জানিয়েছে রাজ্যে আগামী দু’দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তৃতীয় দিন থেকে সর্বনিম্ন পারদ এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি নামতে পারে। কারণ নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় উত্তুরে হাওয়া প্রবেশে আপাতত আর কোনও বাধা থাকছে না। ফলে বাতাসে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে এখনই সর্বোচ্চ তাপমাত্রায় কোনও হেরফের হচ্ছে না। উত্তরবঙ্গের আবহাওয়া নিয়েও বড় আপডেট দিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর জেরে শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির চিত্র দেখা গিয়েছিল। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়েছে। তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বইতে পারে। তবে মঙ্গলবার থেকে সেখানেও আবহাওয়ার উন্নতি ঘটবে এবং ধীরে ধীরে রাতের তাপমাত্রা আরও নামতে শুরু করবে বলে আশা করা যাচ্ছে।

google button