প্রীতি পোদ্দার, কলকাতা: দেশজুড়ে সাইবার প্রতারণার যোগসাজশ, আর এবার সেই অভিযোগে বাঁকুড়া (Bankura) থেকে গ্রেফতার হলেন এক প্রাক্তন সিপিএম নেতা। জানা গিয়েছে, ধৃতের নাম আলোক মিদ্যা। শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে আজ, রবিবার ধৃতকে (Bankura CPIM Leader Arrested) বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই সাইবার প্রতারণার এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সাইবার প্রতারণার যুক্ত নেতা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত আলোক মিদ্যা একসময় বাঁকুড়ার জয়পুর ব্লকের টানাদিঘি গ্রামের একসময় প্রভাবশালী সিপিএম নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরে তিনি বালি কারবারের সঙ্গে যুক্ত হন। এমনকি নিজের নামে একটি সংস্থা খোলার পাশাপাশি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ব্যবসায়িক অ্যাকাউন্ট খোলেন তিনি। আর সেখানেই তিনি ধরা পড়েন। সম্প্রতি একাধিক সাইবার প্রতারণার ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, এই প্রাক্তন সিপিএম নেতার ব্যবসায়িক অ্যাকাউন্টে দেশের বিভিন্ন প্রান্তে হওয়া কমবেশি ২৫৩টি সাইবার প্রতারণার টাকার লেনদেন করেছে।
তদন্তে নামল পুলিশ
প্রমাণসহ তথ্য সংগ্রহ করার পরেই ময়দানে নামে পুলিশ। তড়িঘড়ি গতকাল, শনিবার, রাতে টানাদিঘী গ্রামে প্রাক্তন সিপিএম নেতা আলোক মিদ্যার বাড়িতে হানা দেয় জয়পুর থানার পুলিশ। এবং গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, আজ, রবিবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হতে চলেছে। সেখানেই ধৃতকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে জয়পুর থানার পুলিশ। এছাড়াও এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সেই নিয়েও নানারকম ভাবে তদন্ত করে চলেছেন তাঁরা।
শেষ পাওয়া আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই ধৃতের কাছ থেকে সমস্ত ব্যাংকের বই, পাসপোর্ট, নথিপত্র, চেকবুক, ডেবিট কার্ড ইত্যাদি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে প্রতারণার টাকা লেনদেন হত তা জানতে আলোক মিদ্যাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। তবে এখনও এই নিয়ে সিপিএমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


