অগ্নিবীরদের বিয়ে নিয়ে নয়া নিয়ম চালু করল কেন্দ্র

Published:

agniveer

আনিষা চৌধুরী, কলকাতা: অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনায় চার বছরের জন্য নিয়োগ করা হয় অগ্নিবীরদের (Agniveer)। সাধারণত ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছর বয়সি তরুণ-তরুণীরা এই প্রকল্পে যোগ দিতে পারেন। এবার এই অগ্নিবীরদের বিয়ের নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এতদিন চাকরির মেয়াদে বিয়ের অনুমতি ছিল না। কিন্তু নতুন নিয়মে অতিরিক্ত দু’বছরের চাকরির মেয়াদে বিয়ের সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

কী বলা হচ্ছে নতুন নিয়মে?

নতুন নিয়ম অনুযায়ী, চার বছরের প্রাথমিক চাকরির মেয়াদ শেষ হওয়ার পর যাঁরা আরও দু’বছরের জন্য চাকরির মেয়াদ বাড়াবেন, তাঁরা বিয়ে করতে পারবেন। তবে তার জন্য একটি শর্ত রাখা হয়েছে। অতিরিক্ত চাকরির মেয়াদে যোগ দেওয়ার পর প্রায় এক মাসের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। সেই প্রশিক্ষণ শেষ হলেই বিয়ের অনুমতি মিলবে। এই অতিরিক্ত চাকরির মেয়াদকে বলা হচ্ছে ‘Second Tour of Duty’।

উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের অধীনে প্রথম চার বছরের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে স্থায়ী সেনাকর্মী হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে। অন্যদিকে, বাকি ৭৫ শতাংশ অগ্নিবীরের জন্য অতিরিক্ত দু’বছরের চাকরির সুযোগ রাখা হয়েছে। এই সময়সীমা শেষ হওয়ার পর তাঁদেরও স্থায়ী সেনাকর্মী হওয়ার সুযোগ থাকবে। ৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভা অগ্নিবীরদের চাকরির মেয়াদ দু’বছর বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছিল।

আগে অগ্নিবীর হিসেবে নিয়োগের সময় প্রার্থীদের অবিবাহিত থাকা বাধ্যতামূলক ছিল। শুধু তাই নয়, চার বছরের চাকরির মেয়াদেও বিয়ে করার অনুমতি ছিল না। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর বিয়ের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা শিথিল করার কথা ভাবা হয়েছে।

আরও পড়ুন: খৈনি খেতে গিয়ে বাহরিনে ১৮ দিনের জেল সৌরভের, জরিমানা ১৮ লাখ

এই নিয়ম কার্যকর হলে অগ্নিবীরদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা সুবিধা হতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় চাকরির কারণে যাঁদের বিয়ে পিছিয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তাঁরা এবার অতিরিক্ত চাকরির মেয়াদে সেই সুযোগ পেতে পারেন। তবে প্রথম চার বছরের চাকরিতে বিয়ের নিষেধাজ্ঞা বহাল থাকবে। পাশাপাশি বিয়ের নিয়ম পরিবর্তন নিয়ে এখনও আনুষ্ঠানিক সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। ফলে চূড়ান্ত নিয়ম ও শর্ত সম্পর্কে সরকারি নির্দেশিকার জন্য অপেক্ষা করতে হবে।

google button