১ নভেম্বর থেকে কার্যকর কেন্দ্রের ন্যূনতম মজুরি কাঠামো, বেতন বাড়ছে DSP-র ঠিকা শ্রমিকদের

Published:

Durgapur Steel Plant

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষা এবং লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (Durgapur Steel Plant) ঠিকা শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করা হল। জানা গিয়েছে, ১ নভেম্বর থেকে দুর্গাপুরের (Durgapur) কর্মীদের জন্য এই নতুন মজুরি কাঠামো কার্যকর হয়েছে। আশা করা যাচ্ছে এই বেতন বৃদ্ধির জেরে উপকৃত হবেন প্রায় ৩ হাজার ঠিকা শ্রমিক।

নতুন মজুরি কাঠামো কার্যকর করা হয়েছে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, এতদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কারখানার কয়েকটি বিভাগের ঠিকা শ্রমিকরা প্রযোজ্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরির তুলনায় কম পারিশ্রমিক পাচ্ছিলেন বলে অভিযোগ ছিল। এই নিয়ে শেষে ভারতীয় মজদুর সংঘ লাগাতার আন্দোলন জারি রাখে। তারপরেই বিষয়টি খতিয়ে দেখতে মজুরি সংক্রান্ত নথি পরীক্ষা করেন আসানসোলের ডেপুটি চিফ লেবার কমিশনার (সেন্ট্রাল)-এর দফতরের আধিকারিকরা। তাঁরাও SAIL কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করে। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করা হল ১ নভেম্বর থেকে।

অতিরিক্ত আর্থিক সুবিধা পাবেন শ্রমিকরা

গত ২০ নভেম্বর SAIL কর্তৃপক্ষ একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় সরকারের প্রযোজ্য ন্যূনতম মজুরি কার্যকরের নির্দেশ দেয়। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, ওয়াকর্স বিভাগে অদক্ষ শ্রমিকদের দৈনিক মজুরি ৮৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৯৩৩ টাকা করা হয়েছে। এছাড়াও প্রজেক্টস বিভাগের অদক্ষ শ্রমিকদের ৭৫৯ টাকা এবং দক্ষ শ্রমিকদের ৯৩৩ টাকা করা হয়েছে। পাশাপাশি টাউন সার্ভিসেস ইলেকট্রিক্যাল বিভাগে অদক্ষ শ্রমিকদের ৮৬১ টাকা, দক্ষ শ্রমিকদের ৯৩৩ টাকা এবং নন-ওয়ার্কস বিভাগের অদক্ষ শ্রমিকদের ৭০৪ টাকা ও দক্ষ শ্রমিকদের ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সোনার গয়না নিয়েও পাঁচ দিন আগে বিয়ে ‘বাতিল’ পাত্রপক্ষের, বাড়িতে হানা কন্যাপক্ষের

SAIL কর্তৃপক্ষ আরও জানিয়েছেন যে শ্রমিকদের দ্বিগুণ হারে ওভার টাইম এবং বোনাসের সুযোগ থাকছে। পাশাপাশি প্রতিমাসের ৭ তারিখের মধ্যে নির্দিষ্ট অ্যাকাউন্টে বেতন ঢুকে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যেসব ঠিকা শ্রমিক ইতিমধ্যেই নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বর্তমান মজুরি বা আর্থিক সুবিধা কমানো হবে না। অর্থাৎ, নতুন কাঠামোর ফলে যাঁরা কম মজুরি পাচ্ছিলেন, তাঁদের পারিশ্রমিক বাড়বে, আবার যাঁরা বেশি বেতন পাচ্ছেন, তাঁদেরও সেই সুবিধা বজায় থাকবে।

google button