২৬ নভেম্বর বাধ্যতামূলক! রাজ্যের স্কুল-কলেজের জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

Published:

Constitution Day

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের প্রত্যেকটি সরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের জন্য জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা। আগামী ২৬ নভেম্বর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করতে হবে সংবিধান দিবস (Constitution Day)। এমনকি এই দিনটিতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার উপস্থিত থাকা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জারি করা হয়েছে এই নির্দেশিকা এবং প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অপারেটরদের কাছে তা পাঠানো হয়েছে।

স্কুলগুলির জন্য বিশেষ নির্দেশিকা কেন্দ্রের

নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, এই দিনটিতে স্কুলগুলির প্রার্থনাসভায় পড়ুয়াদের দিয়ে সংবিধানের প্রস্তাবনা পাঠানোর পাশাপাশি সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যদের সম্পর্কে আলোচনা করতে হবে। এমনকি পোস্টার তৈরির পাশাপাশি ছবি আঁকা, ব্যাজ এবং কোলাজ তৈরির মতো কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশিকা রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্ট অপারেটরদের কাছে পাঠানো হয়েছে এবং অবিলম্বে তা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হবে বলেই খবর।

না উল্লেখ করলেই নয়, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। সেই দিনটিকে স্মরণ করেই এই সিদ্ধান্ত কেন্দ্রের। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হবে সংবিধান দিবস। বিশেষ করে সংবিধানে উল্লেখিত মূল্যবোধ ও নীতিগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আর পড়ুয়াদের মধ্যে সেগুলি ছড়িয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ কেন্দ্রের। এছাড়া সংশ্লিষ্ট জেলা বা রাজ্যের গণপরিষদের সদস্যদের সম্পর্কে ধারণা দিতে হবে পড়ুয়াদের। এবং বিআর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদের পাশাপাশি জহরলাল নেহেরুদের জীবনী সম্পর্কেও পড়ুয়াদের মধ্যে ধারণা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি রাজ্যের, স্বচ্ছতা নিয়ে সরকারের কাছে জবাব চাইল তৃণমূল

এদিকে এই কর্মসূচির জন্য প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একজন করে নোডাল অফিসার নিয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আর প্রত্যেকটি কর্মসূচিতে কতজন পড়ুয়া যোগ দিল তার পরিসংখ্যান এবং জিওট্যাগ করা ছবি ও ভিডিও নির্দিষ্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের মধ্যে সচেতনতা এবং দেশভক্তি ও সংবিধানের প্রতি শ্রদ্ধা বৃদ্ধির জন্য এই উদ্যোগ কেন্দ্রের। যদিও এ নিয়ে দ্বিমত পোষণ করছেন বিরোধীরা। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের দাবি, “উদ্যোগ ভালো। তবে যারা সংবিধান মানে না, তারাই আবার সচেতন করার নির্দেশ দিচ্ছে।”

google button