আদানি গোষ্ঠীর সঙ্গে বিদ্যুৎ চুক্তি রাজ্যের, স্বচ্ছতা নিয়ে সরকারের কাছে জবাব চাইল তৃণমূল

Published:

Adani Power

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলায় এবার বিদ্যুৎ সরবরাহ করবে আদানি গোষ্ঠী (Adani Power)। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে সম্পন্ন হয়েছে চুক্তি। এখনও পর্যন্ত যা খবর, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন  সংস্থাকে আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহ করার বরাত পেয়েছে দেশের এই শিল্পপতি গোষ্ঠী। এমনকি ২৫ বছর ধরে ডাবলুবিএসইডিসিএল-কে মোট ২৫০০ মেগাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করার চুক্তি হয়েছে তাদের। তবে এবার এ নিয়ে সুর চড়াল রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেস।

আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি নিয়ে বিরোধিতা তৃণমূলের

যেমনটা খবর পাওয়া যাচ্ছে, আগামী ২৫ বছর ধরে ১৭৫০ মেগাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করার বরাত পেয়েছে আদানি পাওয়ার। এর পাশাপাশি নতুন বিদ্যুৎ প্রকল্প তৈরি হওয়ার কথা রয়েছে। সেখান থেকে মোট ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে এই গোষ্ঠী। সব মিলিয়ে বিদ্যুতের পরিমাণ দাঁড়াচ্ছে ২৫০০ মেগাওয়াট। ২০১৮ সালের ১ জুলাই থেকে এই ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর নতুন প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ হবে ২০২৯ এর ১ এপ্রিল থেকে।

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে আদানি গোষ্ঠীর সঙ্গে এই চুক্তির বিষয় নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। তাদের এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের সম্পদ এবং দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তিতে স্বচ্ছতা থাকা উচিত, কর্পোরেট দৈত্যদের অগ্রাধিকার নয়।” তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উল্লেখ করে বলা হয়েছে, “কেউ কেউ অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। অথচ সাধারণ মানুষ মৌলিক সেবার জন্য ঘুরে বেড়াচ্ছেন। সরকার আসলে কার কাছে জবাবদিহি করছে এবং এই পক্ষপাতিত্ব কেন?”

আরও পড়ুন: ফের মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমে গেল সোনা, রুপোর দাম! আজকের রেট

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তি রাজ্যের নবায়নযোগ্য বিদ্যুৎ কেনার ক্ষেত্রে প্রভাব ফেলবে। এমনকি ডব্লিউবিএসইডিসিএল-র সর্বোচ্চ চাহিদা ইতিমধ্যেই ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। আর এই চুক্তি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জল্পনা। তৃণমূলের পক্ষ থেকে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হলেও আদানি গোষ্ঠীর দাবি, গোটা প্রক্রিয়া প্রতিযোগিতামূলক ছিল। কিন্তু এই বিদ্যুত চুক্তি রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ বণ্টন ব্যবস্থা এবং তার চাহিদা পূরণে সাহায্য করবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

google button