কর্তব্য পালন করতে গিয়ে মৃত্যু, নদিয়ায় দুই ক্রেনের মাঝে পিষ্ট সিভিক ভলান্টিয়ার

Published:

Civic Volunteer Dies

প্রীতি পোদ্দার, কলকাতা: কর্তব্য পালন করতে গিয়েই মর্মান্তিক পরিণতি সিভিক ভলান্টিয়ারের (Civic Volunteer Dies)। দু’টি ক্রেনের মাঝে আটকে পড়ে চরম বিপত্তি, ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না, মৃত্যু হল কৃষ্ণনগর পুলিশ জেলার ধুবুলিয়া থানায় কর্মরত বিকাশ বর্মনের (Civic Volunteer Crushed by Cranes)। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে আজ, রবিবার ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শনিবার সকালে নদিয়ার ধুবুলিয়া থানার দুর্গা মণ্ডপ সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের উপর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় একটি ট্রেলার। ওই ট্রেলারটি বহরমপুর থেকে কলকাতার দিকে আসছিল। এই অবস্থায় রাস্তার ধার থেকে ট্রেলারটিকে সরানোর জন্য দু’টি ক্রেনের বন্দোবস্ত করা হয়। ঘটনাস্থলে সেই সময় ছিলেন ধুবুলিয়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার বিকাশ বর্মন। ওই ক্রেন দু’টি পাশাপাশি দাঁড়িয়ে ট্রেলারটি সরাচ্ছিল। এমতাবস্থায় আচমকাই দু’টি ক্রেন কাছাকাছি চলে আসে এবং চাপা খান বিকাশ।

ভাইরাল সেই ভিডিও

দুর্ঘটনার সেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছিল বিকাশকে ওই দুটি ক্রেনের মাঝে দাঁড়িয়ে থাকতে এবং কীভাবে উল্টে যাওয়া ডাম্পারটিকে সোজা করতে হবে, সেই নির্দেশ দিচ্ছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত দুটি ডাম্পারের একেবারে মাঝখানে চলে আসেন তিনি। সেই ভিডিও দেখে রীতিমত শিউরে উঠছেন সকলে। ওই সময় তিনি এতটাই অসুস্থবোধ করতে শুরু করেছিলেন যে রাস্তার উপর বসে পড়েন বিকাশবাবু। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা বাকি কর্মীরা তড়িঘড়ি তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো দিয়ে থানার লকআপ থেকে পালাল আসামি, চাঞ্চল্য দুর্গাপুরে

চিকিৎসকদের তরফে তড়িঘড়ি বিকাশ বাবু চিকিৎসা ব্যবস্থা শুরু করলেও শুরু করলেও শেষ রক্ষা হয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় বছর চৌত্রিশের বিকাশের। এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পরিবারকে জানানো হলে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। আজ, রবিবার ময়নাতদন্তের পর তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে। প্রশ্ন উঠছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

google button