অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের পরিবহন দফতর দূরপাল্লার সরকারি বাসে (Government Bus) অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে মোট আসন সংখ্যার মাত্র ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে, বাকি ৭০ শতাংশ টিকিট বাস ডিপো থেকেই কাটতে হবে। মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণের টিকিটও এই ৩০ শতাংশ অনলাইন কোটার অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো হয়েছে। এসবিএসটিসি (SBSTC), ডব্লিউবিটিসি (WBTC) এবং এনবিএসটিসি (NBSTC)-সহ সমস্ত সরকারি পরিবহন সংস্থার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
অনলাইন বুকিংয়ে আসন সংরক্ষণের নতুন নিয়ম
রাজ্যে বিজেপি সরকার গঠনের পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতি মতোই সরকারি বাসে মহিলাদের ভ্রমণ বিনামূল্যে করে দেয়। তবে ইদানীং দেখা যাচ্ছে যে, অনেক মহিলা দূরপাল্লার বাসে আসন বুক করলেও শেষ পর্যন্ত যাত্রা করছেন না, কিংবা দূরের স্টপেজের জন্য টিকিট কেটে মাঝপথেই নেমে যাচ্ছেন। এর ফলে পরিবহন সংস্থাগুলো যেমন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তেমনই যারা প্রকৃতপক্ষে টিকিট কাটতে চাইছেন তারা টিকিট পাচ্ছেন না।
এছাড়াও, আগে একজন মহিলা কেবল নিজের নাম ও ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন বাসে যেমন খুশি টিকিট বুক করতে পারতেন। কিন্তু এতদিন এই ধরনের একাধিক বুকিং আটকানোর কোনো কার্যকর ব্যবস্থা ছিল না। বিনামূল্যে যাত্রা করার সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই একাধিক সিট বুক করে রাখছেন, যার ফলে বাসগুলো দ্রুত রিজার্ভড হয়ে যাচ্ছে। এর ফলে পুরুষ যাত্রীরা, যারা ভাড়া দিয়ে ভ্রমণ করেন তারা আসন পাচ্ছেন না এবং অনেকক্ষেত্রে বেশি খরচ করে তাদের বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে। এদিকে, খালি সিট নিয়ে সরকারি বাসগুলো যাতায়াত করছে।
আরও পড়ুন: পুলিশের চোখে ধুলো দিয়ে থানার লকআপ থেকে পালাল আসামি, চাঞ্চল্য দুর্গাপুরে
অনলাইনে বাসের সব সিট বুকড দেখালেও, বাস্তবে অনেক বাস প্রায় খালি অবস্থাতেই যাত্রা করছে। উত্তর ও দক্ষিণবঙ্গ – দুই রুটের দূরপাল্লার বাসগুলোতে যাত্রীসংখ্যা কম হওয়ায় পরিবহন সংস্থাগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। এই সমস্যা দূর করার জন্য গত পাঁচ মাস ধরেই নানাভাবে প্রচেষ্টা চালানো হচ্ছিল। অবশেষে গত শুক্রবার পরিবহন নিগমগুলোর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে এই নতুন নিয়মগুলো অবিলম্বে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে শনিবার থেকে অনলাইন সিট বুকিংয়ের এই নতুন নিয়ম কার্যকর হওয়ায় অনেক যাত্রী টিকিট কাটতে পারেননি, কারণ তারা অফলাইনে টিকিট বুক করার পদ্ধতি সম্পর্কে অবগত ছিলেন না।


