প্রীতি পোদ্দার, কলকাতা: ফের যৌন লালসার শিকার হল প্রথম শ্রেণির পাঠরত এক ছাত্রী। এবার ঘটনাস্থল বাঁকুড়ার সোনামুখী (Sonamukhi)। অভিযোগ, এই ঘটনায় ৫৮ বছর বয়সি এক প্রৌঢ় ওই শিশুকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। আর সেই ঘটনার কথা জানাজানি হতেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (Sonamukhi Minor Abuse Case) দায়ের করেন শিশুটির পরিবারের সদস্যরা। জানা গিয়েছে কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত সোনামুখী এলাকায়। ধৃতের নাম হরপ্রসাদ ভক্ত। সেখানে তাঁর একটি পুরোনো বাড়ি রয়েছে। গ্রামের ছোটো ছোটো ছেলে-মেয়েরা প্রতিদিন বিকেলে সেই বাড়িতে খেলতে যায়। আর সেখানেই ঘটে বিপদ। কয়েকদিন ধরেই ক্লাস ওয়ানের ওই নাবালিকা খেলতে না আসায় অন্যান্য সঙ্গীরা তাকে জিজ্ঞাসা করলে সে বলে, ওই বাড়ির দাদুটা তার সঙ্গে খারাপ ব্যবহার করে। আর এই কথা নাবালিকার মা জানতে পারে। এবং মেয়েকে আলাদা করে এই ব্যাপারে জিজ্ঞাসা করেন। আর তখনই সেই ভয়ঙ্কর ঘটনার কথা জানান প্রথম শ্রেণির ছাত্রী।
গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে
নাবালিকার মা ঘটনার খবর পেয়েই এদিন পরিবারের বাকি সদস্যদের জানান। এরপরেই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে অভিযুক্ত প্রৌঢ় হরপ্রসাদের বাড়িতে হামলা করে। আর সেই ভোট বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। তারপরই পরিবারের তরফে সোনামুখী থানায় অভিযোগ দায়ের করা হয়। শেষপর্যন্ত শুক্রবার রাতে গ্রামে ঢোকার পথে তাঁকে পুলিশ আটক করে। এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ, কলকাতার হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিধায়িকা, কী হয়েছে রেখা পাত্রর?
কিছুদিন আগেই নদীয়ায়, খেলার নাম করে ডেকে আট বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। আর সেই ঘটনায় অভিযুক্ত ছিলেন বয়স ১৩-১৪ বছরের এক নাবালক। প্রথম দিকে এই ঘটনার খবর স্বীকার করতে রাজি ছিলেন না অভিযুক্তের পরিবার। পরে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সবটা প্রমাণিত হয়। এরপর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযুক্ত নাবালককে আটক করে পুলিশ।


