চতুর্থ শ্রেণিতে স্কুল ছেড়ে গুরুকুলে বেদ অধ্যয়ন, JEE পাস করে এখন ISRO-র বিজ্ঞানী গোবিন্দ

Published:

Success Story of ISRO Scientist Govind Krishnan

অনন্যা সরকার, কলকাতা: এই কথাটা প্রায়ই বলা হয়ে থাকে যে, নিঃশব্দে নিষ্ঠার সাথে কাজ করে গেলে সাফল্যের পথে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। কেরালার কান্নুরের বাসিন্দা গোবিন্দ কৃষ্ণন তাঁর কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও অধ্যবসায় দিয়ে এটাই প্রমাণ করেছেন (Success Story)। চতুর্থ শ্রেণির পর তিনি প্রথাগত স্কুল শিক্ষা ছেড়ে গুরুকুলে যজুর্বেদ অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে তিনি ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা, জেইই (JEE)-তে উত্তীর্ণ হন এবং এখন ইসরো (ISRO)-তে বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছেন। 

গুরুকূল থেকে ইসরোর পথে যাত্রা

২০১১ সালে পায়ান্নুরের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে চতুর্থ শ্রেণি পাস করার পর, গোবিন্দ ত্রিশূরের ব্রহ্মস্বম মঠ গুরুকুলে ভর্তি হন। সেখানে তিনি কঠোর রুটিন মেনে যজুর্বেদ শিক্ষা গ্রহণ শুরু করেন। যার মধ্যে ছিল মন্ত্র শুনে মুখস্থ করা ও বারবার অনুশীলনের মাধ্যমে তা আয়ত্ত করা। তবে, দক্ষ গোবিন্দ পাঁচ বছরের এই পাঠ্যক্রম মাত্র চার বছরেই সম্পন্ন করেন।

তাঁর বাবা হরিশ কুমার ছিলেন ভারতীয় নৌবাহিনীর একজন প্রাক্তন কর্মকর্তা। তিনি চেয়েছিলেন তাঁর ছেলে যেন ঐতিহ্যবাহী বৈদিক শিক্ষা লাভ করে। তবে গোবিন্দ প্রথাগত পড়াশোনা পুরোপুরি ছেড়ে দেননি, বেদ চর্চার পাশাপাশি তিনি অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিবেকোদয়ম বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে পড়াশোনা করেন। 

আরও পড়ুন: ৯ কোটির ওষুধ মাত্র ২.৫ লক্ষে, চিকিৎসকের উদ্যোগে বিনামূল্যে বাঁচবে সাত শিশুর প্রাণ

গুরুকুলের শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত স্কুল এবং সন্ধ্যায় পুনরায় গুরুকুলে ফিরে পড়াশোনা – এত ব্যস্ততার মাঝেও তিনি দশম শ্রেণির পরীক্ষায় প্রতিটি বিষয়ে ‘এ+’ (A+) গ্রেড অর্জন করেন। দ্বাদশ শ্রেণির পর গোবিন্দ ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নেন ও জেইই মেইন (JEE Main) ও জেইই অ্যাডভান্সড (JEE Advanced) – উভয় পরীক্ষাতেই সফল হন। জেইই অ্যাডভান্সডের ফলাফলের ভিত্তিতে তিনি তিরুবনন্তপুরমের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভর্তির সুযোগ পান এবং ২০২১ সালে সেখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয় নিয়ে  বি.টেক (B.Tech) কোর্সে ভর্তি হন।

এরপর ২০২৫ সালে গোবিন্দ কৃষ্ণন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ISRO) কেন্দ্রীয় নিয়োগ বোর্ডের প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞানী পদে নির্বাচিত হন। সে বছরই জুলাই মাসে তিনি তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টারে (VSSC) যোগ দেওয়ার জন্য ডাক পান। গোবিন্দ তাঁর সাফল্যের মূল কারণ হিসেবে গুরুকুলে শেখা শৃঙ্খলাবোধ, নিয়মিত অনুশীলন এবং একাগ্রতার কথাই উল্লেখ করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি প্রতিদিন এক থেকে দুই ঘণ্টা বৈদিক শাস্ত্র অধ্যয়নের জন্যও সময় দেবেন বলে পরিকল্পনা করে রেখেছেন।

google button