সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে সুখবর। এবার ধীরে ধীরে বাংলার আবহাওয়ার উন্নতি হবে। যদিও সেটা দক্ষিণবঙ্গের, উত্তরবঙ্গের নয়। কারণ এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হতে পারে দুর্যোগ বলে খবর। জানা গিয়েছে, ঘূর্ণিঝড় আকভান-র প্রভাবে যে গভীর নিম্নচাপটি ছিল সেটি এখন উত্তর ছত্তিশগড় ও পার্শ্ববর্তী এলাকায় কম দাপটের নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আগামী দিনে এটিও দুর্বল হবে বলে খবর। বর্তমানে দক্ষিণবঙ্গে শীতের আমেজ বিরাজ করবে। আগামী কয়েকদিনের মধ্যেই বাংলায় শীতের ব্যাটিং শুরু হবে। তবে আজ রবিবার ছুটির দিনও কিছু জেলায় রয়েছে বৃষ্টির (Weather Today) সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার মোটের ওপর প্রতিটি জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকবে।
এদিকে শীত নিয়ে কিছুটা হলেও সুখবর শুনিয়েছে বিভিন্ন আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আজ রবিবার থেকেই সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সমগ্র বাংলায়। এরপর মঙ্গলবার থেকে রাতের পারদ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে। শীত পড়বে কলকাতা সহ জেলায় জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র উত্তরবঙ্গে আবহাওয়া (North Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ একটি হাসির ভিডিও বদলে দেয় জীবন! অভাবকে জয় করে দশম শ্রেণি উত্তীর্ণ সেই ‘লাফিং বয়’
আগামীকালের আবহাওয়া
সোমবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? দক্ষিণবঙ্গের কথা বললে, এদিন দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


