আনিষা চৌধুরী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! সরকারি চাকরির ক্ষেত্রে কর্মরত কর্মীদের জন্য এল আরও একটি সুযোগ। স্টেনোগ্রাফার (Stenographer) পদে কর্মরত যোগ্য সরকারি কর্মীদের (Government Employees) পদোন্নতির (Promotion) লক্ষ্যে নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। এই নিয়োগের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতরের স্টেনোগ্রাফারদের গ্রেড সি পদে উন্নীত হওয়ার সুযোগ দেওয়া হবে। এই প্রতিবেদনে জেনে নিন নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, শূন্যপদ ও অন্যান্য শর্ত।
কোন পদে নিয়োগ করা হবে?
এসএসসি-র এই নিয়োগ প্রক্রিয়ায় গ্রেড সি স্টেনোগ্রাফার পদে কর্মীদের উন্নীত করার জন্য পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের একাধিক পরিষেবা ও ক্যাডারে এই পদে নিয়োগের সুযোগ রয়েছে।
- পদের নাম: স্টেনোগ্রাফার গ্রেড সি
- নিয়োগকারী সংস্থা: স্টাফ সিলেকশন কমিশন (SSC)
- পরীক্ষার নাম: গ্রেড সি স্টেনোগ্রাফার্স লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এগজামিনেশন ২০২৬।
মোট কতগুলি শূন্যপদ রয়েছে?
এই নিয়োগের বিজ্ঞপ্তিতে মোট ৩২০টি অস্থায়ী শূন্যপদের কথা জানানো হয়েছে। বিভিন্ন সরকারি পরিষেবা ও ক্যাডার অনুযায়ী শূন্যপদগুলি ভাগ করা হয়েছে।
- সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার্স সার্ভিস – ২৮৭টি।
- রেলওয়ে বোর্ড সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার্স সার্ভিস – ৮টি।
- আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স – ১৪টি।
- ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্রাঞ্চ (বি) – ৮টি।
- ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া – ১টি।
- সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন – ২টি।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগের ক্ষেত্রে একটি বিশেষ বিষয় মাথায় রাখতে হবে। এটি সাধারণ বেকার চাকরিপ্রার্থীদের নিয়োগ নয়। নির্দিষ্ট সরকারি পরিষেবায় কর্মরত স্টেনোগ্রাফার গ্রেড ডি কর্মীরাই এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। পরিষেবা অনুযায়ী প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতার মেয়াদও আলাদা।
- সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং রেলওয়ে বোর্ডের ক্ষেত্রে সাধারণত গ্রেড ডি পদে অন্তত ৬ বছরের অনুমোদিত চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
- আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্স এবং ইলেকশন কমিশনের ক্ষেত্রে অন্তত ৩ বছরের অনুমোদিত ও নিরবচ্ছিন্ন চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
- সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের ক্ষেত্রে ৫ বছরের নিয়মিত চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
- ইন্ডিয়ান ফরেন সার্ভিস ব্রাঞ্চ (B)-এর ক্ষেত্রে ৬ বছরের অনুমোদিত চাকরির পাশাপাশি নির্ধারিত প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে।
তবে প্রতিটি ক্যাডারের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত ও ছাড় রয়েছে। তাই আবেদনের আগে মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
বয়সসীমা কত?
এই নিয়োগের বিজ্ঞপ্তিতে আলাদা করে কোনও নির্দিষ্ট সর্বোচ্চ বা সর্বনিম্ন বয়সসীমা উল্লেখ করা হয়নি। যেহেতু এটি একটি বিভাগীয় পদোন্নতিমূলক পরীক্ষা, তাই আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের পরিবর্তে সংশ্লিষ্ট পরিষেবার চাকরির মেয়াদ এবং অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করা জরুরি।
কত টাকা বেতন দেওয়া হবে?
গ্রেড সি স্টেনোগ্রাফার পদে উন্নীত হলে বেতনও বাড়ার সুযোগ রয়েছে। সপ্তম বেতন কমিশনের পে ম্যাট্রিক্স অনুযায়ী এই পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্যাডার ও দফতরভেদে বেতন কাঠামো আলাদা হবে।
- পে লেভেল ৬: মাসিক বেসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
- পে লেভেল ৭: মাসিক বেসিক বেতন ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
এর পাশাপাশি নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা, বাড়িভাড়া ভাতা-সহ অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া যাবে। তবে নির্দিষ্ট বেতন সংশ্লিষ্ট দফতর ও কর্মীর বেতন নির্ধারণের নিয়মের উপর নির্ভর করবে।
কীভাবে নিয়োগ করা হবে?
মোট তিনটি ধাপের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। লিখিত পরীক্ষার পাশাপাশি স্টেনোগ্রাফির দক্ষতা এবং কর্মজীবনের রেকর্ডও মূল্যায়ন করা হবে।
- প্রথম ধাপ: কম্পিউটার বেসড এগজামিনেশন। ২০০ নম্বরের এই পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন থাকবে।
- দ্বিতীয় ধাপ: স্টেনোগ্রাফি স্কিল টেস্ট। ১০ মিনিটের ডিকটেশন দেওয়া হবে, যার গতি থাকবে প্রতি মিনিটে ১০০টি শব্দ। এরপর কম্পিউটারে তা টাইপ করতে হবে।
- তৃতীয় ধাপ: ইভ্যালুয়েশন অফ সার্ভিস রেকর্ডস। প্রার্থীদের সার্ভিস রেকর্ড বা এপিএআর মূল্যায়ন করা হবে। এই ধাপে ১০০ নম্বর বরাদ্দ রয়েছে।
তিনটি ধাপের সম্মিলিত ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে।
কীভাবে আবেদন করবেন?
যোগ্য প্রার্থীদের এসএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। তবে শুধু অনলাইনে আবেদন করলেই হবে না, পরবর্তী সময়ে প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে পাঠাতে হবে।
- প্রথমে এসএসসি-র ওয়েবসাইট এসএসসি ডট গভ ডট ইন খুলতে হবে।
- নতুন ওয়েবসাইটে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পূর্ণ করতে হবে।
- এরপর গ্রেড সি স্টেনোগ্রাফার্স এলডিসিই ২০২৬ পরীক্ষার আবেদনপত্র খুলে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
- নির্ধারিত নিয়মে ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদন জমা দিতে হবে।
- আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে প্রয়োজনীয় নথি-সহ সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে এসএসসি-র নর্দার্ন রিজিয়ন অফিসে পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তাই নির্ধারিত সময়সীমার মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন।
- বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬।
- আবেদন শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৬।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা।
- বিভাগীয় মাধ্যমে আবেদন পাঠানোর শেষ তারিখ: ২২ ডিসেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা।
- পরীক্ষার সম্ভাব্য সময়: ফেব্রুয়ারি-মার্চ ২০২৭।
আরও পড়ুন: Bitcoin-এ ধস, ২ বছরে সর্বনিম্ন স্তরে, এবার সাধ্যের মধ্যে দাম?
আগ্রহী ও যোগ্য সরকারি কর্মীদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নির্ধারিত সময়ের মধ্যে এসএসসি-র কাছে পৌঁছেছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানতে এসএসসি-র অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
অফিসিয়াল নোটিশঃ ডাউনলোড করুন


