প্রীতি পোদ্দার, কলকাতা: বাঙালির বারো মাসে তেরো পার্বণ, একটা উৎসব যেতে না যেতেই আরও এক উৎসবের তোড়জোড় পরে যায়। এদিকে সামনেই আসছে রাসপূর্ণিমা (Rash Purnima 2026)। অনেকের বাড়িতে এইদিন লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। সেক্ষেত্রে নারকেলের নাড়ু, তিলের নাড়ুর তোড়জোড় তো রয়েছেই। অনেকেই বাড়িতে আনন্দ নাড়ু (Ananda Naru) বানিয়ে থাকে। তবে অনেকেই আবার এই নাড়ু বানাতে পারে না। তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক কীভাবে এই নাড়ু বানাতে হয়।
উপকরণ
আনন্দ নাড়ু বানানোর জন্য যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলি হল – ৩০০ গ্রাম আতপ চালের গুঁড়ো, ১ বাটি নারকেল কোরা, সাদা তিল, এক বাটি আখের গুঁড়, ঘি, সাদা তেল।
রান্নার পদ্ধতি
পুজোর সময় বিশেষ করে বাড়ির পুজোতে তৈরি করা হয় আনন্দ নাড়ু। জন্মাষ্টমী, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো সব পুজোতেই এই আনন্দ নাড়ু বানানো হয়, আর খেতেও লাগে দারুণ। অনেকে এই নাড়ুকে ইচ্ছে নাড়ুও বলে থাকে। চলুন বানানোর পদ্ধতিটি দেখে নেওয়া যাক।
- প্রথমে একটি বড়ো বাটিতে ৩০০ গ্রাম আতপ চালের গুঁড়ো, ১ বাটি নারকেল কোরা, দুই থেকে তিন চা চামচ সাদা তিল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ওই মিশ্রণের মধ্যে পরিমাণ অনুযায়ী আখের গুঁড় দিয়ে দিতে হবে।
- মিশ্রণটাকে ভালোভাবে মাখতে হবে, একবারে বেশি পরিমাণে আখের গুঁড় না দেওয়াই ভালো, এতে সহজে পাক আসবে না। শেষের দিকে এবার দুই থেকে তিন চা চামচ ঘি ছড়িয়ে দিয়ে পুনরায় সম্পূর্ণ মিশ্রণটা মাখতে হবে।
আরও পড়ুন: ময়দা আর ক্ষীর দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ক্ষীরের চপ, স্বাদ হবে হুবহু দোকানের মতো
- এবার এই মিশ্রণ থেকে নাড়ুর মতো ছোট ছোট গোল বল বানিয়ে নিতে হবে। অন্যদিকে কড়াইতে সাদা তেল গরম করে নিতে হবে। তেলের পরিমাণটা এখানে বেশি রাখতে হবে, যাতে নাড়ুগুলো ডুবো তেলে ভাজা যায়। এইসময় গ্যাসের ফ্লেম মাঝারি রাখতে হবে।
- কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরেই নারকেলের বল গুলোকে এবার দিয়ে দিতে হবে। লাল করে বলগুলো ভেজে নেওয়ার পর সেগুলিকে তুলে নিতে হবে আলাদা একটি প্লেটে। ব্যস, তাহলেই তৈরি আনন্দ নাড়ু।


