বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কিছুদিন আগেই সেই সিদ্ধান্ত জানিয়েছে চেন্নাই সুপার কিংস। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ সমস্ত ধরনের ক্রিকেট ছাড়লেও চেন্নাইয়ের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন মাহি। আর ধোনি নিজের ব্যাট এবং গ্লাভস তুলে রাখতেই দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি পেয়ে গেল ভারত! তাঁর বাড়িও ঝাড়খন্ডে। ঘরোয়া ক্রিকেটে ছোট মাহি হিসেবে পরিচিত সেই কুমার কুশাগ্র (Kumar Kushagra) গতকাল নেপালের বিরুদ্ধে রাইজিং স্টারস এশিয়া কাপে ব্যাট হাতে তান্ডব চালিয়ে সেঞ্চুরি করার সাথে সাথে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
দ্বিতীয় ধোনি পেয়ে গেল ভারত!
শুক্রবার, নেপালের বিরুদ্ধে রাইজিং স্টারস এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত। তবে প্রতিপক্ষ দলের বোলারদের সামনে ক্রমাগত উইকেট হারাতে থাকেন বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মারা। তাতে কঠিন পরিস্থিতিতে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। ঠিক সেই সময় দলের দায়িত্ব কাঁধে নেন অধিনায়ক তিলক বর্মা এবং কুমার কুশাগ্র। বলাই বাহুল্য, এদিন দুজনেই নেপালের বোলারদের পিটিয়ে সেঞ্চুরি করেছিলেন।
ভারতের অধিনায়ক তিলকের ব্যাট থেকে এসেছিল 113 বলে 107 রানের বড় ইনিংস। 6টি চার ও 4টি ছয় সহযোগে নিজের ইনিংস গুছিয়ে নিয়েছিলেন তিনি। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের ছোট মাহি হিসেবে পরিচিত উইকেট কিপার ব্যাটসম্যান কুশাগ্র 102 বলে 117 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে 10টি চার এবং 5টি ছয় উপহার পেয়েছিল ভারত। সেই সূত্র ধরেই নেপালকে 333 রানের বড় লক্ষ্য দিয়েছিল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: ধার করে প্রতিবন্ধী মেয়েকে খেলতে পাঠিয়েছিলেন বাবা, জোড়া সোনা জিতে ফিরল হুগলির অন্বেষা
এদিন ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে প্রতিবেশী দেশের ক্রিকেট দল। প্রতিপক্ষ দলটির পাঁচজন ব্যাটসম্যানকে শূন্যতে সাজঘরে ফেরান ভারতের বোলাররা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় বোলিং বিভাগের দাপটের সামনে দুই অঙ্কের গণ্ডিই ছুঁতে পারেননি নেপাল কোনও ব্যাটসম্যান। তাতে শেষ পর্যন্ত 26 রানে অলআউট হয়ে নাক কাটায় নেপাল ব্রিগেড। ফলে 306 রানের বিরাট ব্যবধানে জিতে যায় ভারত। আর ভারতের এই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুশাগ্রকে এবার ভারতের দ্বিতীয় মহেন্দ্র সিং ধোনি হিসেবেই দেখছেন ক্রিকেট মহলের একাংশ।


