আনিষা চৌধুরী, কলকাতা: বর্তমানে ছেলে ও মেয়েকে সমান মর্যাদা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছেন বহু ছাত্রী। নানা কারণে মেয়েদের পড়াশোনার গুরুত্ব অনেক পরিবারেই সেভাবে দেওয়া হয় না। কোথাও সামাজিক মানসিকতা বাধা হয়ে দাঁড়ায়, আবার কোথাও আর্থিক অনটনের কারণে মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিকের পরই পড়াশোনায় ইতি টানতে বাধ্য হন ছাত্রীরা। ফলে ইচ্ছা থাকলেও অনেক মেয়েরই স্নাতক হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়। এই পরিস্থিতিতে মেয়েদের উচ্চশিক্ষায় (Female College Students) উৎসাহিত করতে বড় উদ্যোগের কথা জানাল বিজেপি সরকার (Government of West Bengal)। কলেজে স্নাতক স্তরে ভর্তি হওয়া ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।
কী কী উদ্যোগ নিয়েছে রাজ্য?
বিধায়কের ঘোষণা অনুযায়ী, বিএ, বিকম কিংবা বিএসসি, এই তিনটি বিভাগের যে কোনও একটিতে ভর্তি হলে তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন ছাত্রীরা। এর মধ্যে প্রথম বর্ষে দেওয়া হবে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষেও মিলবে ১৭ হাজার টাকা। আর তৃতীয় বর্ষে দেওয়া হবে ১৬ হাজার টাকা। শুক্রবার পাণ্ডবেশ্বরে একটি সভা থেকে এই উদ্যোগের কথা জানান জিতেন্দ্র তিওয়ারি। মেয়েদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর্থিক বাধা দূর করতেই এই সহায়তার অন্যতম উদ্দেশ্য বলে জানান তিনি।
সভামঞ্চ থেকে মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “শুধুমাত্র মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করেই পড়াশোনা থামিয়ে দিলে চলবে না, প্রতিটি মেয়েকে স্নাতক হতে হবে। মুখ্যমন্ত্রীও চান প্রতিটি কন্যার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেন স্নাতক স্তর পর্যন্ত হয়।” অর্থাৎ, মেয়েদের শিক্ষার পরিধি স্কুলের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে উচ্চশিক্ষা পর্যন্ত পৌঁছে দেওয়ার উপর জোর দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, প্রতিটি মেয়েরই স্নাতক হওয়া প্রয়োজন। শিক্ষার মাধ্যমে মেয়েরা যাতে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তুলতে পারেন, সেই লক্ষ্যেই এই বার্তা।
উচ্চশিক্ষার পথে আর্থিক প্রতিবন্ধকতার প্রসঙ্গেও বক্তব্য রাখেন বিধায়ক। তিনি বলেন, “কলেজে বিএ, বিকম ও বিএসসি বিভাগে ছাত্রীদের ভর্তি করানোর ব্যবস্থা করা হয়েছে। কলেজে মেয়েদের ভর্তি করালে তাঁদের পড়াশোনার জন্য তিন বছরে মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে সরকার। প্রথম বর্ষে ১৭ হাজার টাকা, দ্বিতীয় বর্ষে ১৭ হাজার টাকা এবং তৃতীয় বর্ষে ১৬ হাজার টাকা করে দেওয়া হবে।” কলেজে ভর্তি হওয়ার পর টিউশন ফি, বইপত্র-সহ পড়াশোনার নানা খরচ সামলাতে অনেক পরিবারকেই সমস্যায় পড়তে হয়। সেই চাপ কিছুটা কমলে আরও বেশি সংখ্যক ছাত্রী উচ্চশিক্ষার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: আর্জি খারিজ কলকাতা হাইকোর্টের, আরও বিপাকে অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়!
পালাবদলের পর রাজ্যে শিক্ষা ও বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রসারে একাধিক উদ্যোগের কথা সামনে আনছে বিজেপি সরকার। যুবসমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং শিক্ষার পরিসর বাড়ানোর মতো বিষয়েও বিভিন্ন পরিকল্পনার কথা বলা হচ্ছে। ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তার এই ঘোষণা সেই বৃহত্তর উদ্যোগের একটি অংশ মাত্র। অর্থের অভাবে যাতে কোনও মেয়েকে পড়াশোনা ছেড়ে দিতে না হয়, প্রত্যেকেই যাতে স্নাতক হওয়ার সুযোগ পান এবং ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপের কথা জানানো হয়েছে।


