সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার শিলিগুড়ির সঙ্গে সরাসরি সড়কপথে যুক্ত হতে চলেছে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র মায়াপুর (Siliguri Mayapur Bus)। এই দুই শহরের মধ্যে নতুন বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। রবিবার আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবা চালু হবে। পাশাপাশি, কোচবিহারের রাস উৎসব উপলক্ষ্যে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনাও করেছে নিগম।
শিলিগুড়ি থেকে এবার সরাসরি মায়াপুর!
উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি থেকে সহজেই পাহাড় ও ডুয়ার্সে যাওয়া যায়। এবার এই শহরের সঙ্গে দক্ষিণবঙ্গের অন্যতম ধর্মীয় পর্যটন কেন্দ্র মায়াপুরকে যুক্ত করা হচ্ছে। মায়াপুরে দেশ-বিদেশের বহু পর্যটক ভিড় করেন। তাঁদের একাংশ উত্তরবঙ্গ ভ্রমণেও আসেন। ফলে নতুন বাস পরিষেবা চালু হলে দুই এলাকার পর্যটক ও যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।
নিগম সূত্রে খবর, বিভিন্ন মহলের দাবির ভিত্তিতে শিলিগুড়ি-মায়াপুর রুটে ৫৬ আসন বিশিষ্ট বাস নামানো হচ্ছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পরিষেবার উদ্বোধন করা হবে।
আরও পড়ুন: আবাসের টাকা নিয়েও শুরু করেননি বাড়ির কাজ! মুর্শিদাবাদে গ্রেফতার ৩, ফেরাতে হবে অর্থ
উপকৃত হবেন অনেকে
এই বাসে উত্তরবঙ্গের মানুষ যেমন সহজে মায়াপুর যেতে পারবেন, তেমনই মায়াপুরে আসা দেশ-বিদেশের পর্যটকদের উত্তরবঙ্গ ভ্রমণের সুযোগও বাড়বে। নতুন রুটটি লাভজনক হবে বলেই মনে করছেন নিগম কর্তৃপক্ষ। উল্লেখ্য, পুজোর আগে আলিপুরদুয়ারের জয়গাঁ-কলকাতা এবং প্রায় এক মাস আগে শিলিগুড়ি-মহিপাল রুটে বাস পরিষেবা চালু করা হয়েছিল। নতুন এই রুটগুলিতে যাত্রীদের ভালো সাড়া মিলছে বলে জানা গিয়েছে।
এদিকে, কোচবিহারে রাস উৎসব শুরু হতে চলেছে আগামী কয়েকদিনের মধ্যেই। এই উৎসবের সঙ্গে জেলার মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রাসমেলা দেখতে আসেন। তাঁদের যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনা করেছে NBSTC। ইতিমধ্যেই এই বিষয়ে বৈঠক করেছে পরিবহণ নিগম। ফলে রাস উৎসবের সময় যাত্রীদের ভিড় সামলাতে বিশেষ পরিবহণ ব্যবস্থা নেওয়া হতে পারে।


