সহেলি মিত্র, কলকাতাঃ আচমকা বদলে গেল বাংলার আবহাওয়া। শনিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। মাঝে রোদ উঠলেও এখন কালো মেঘে ঢেকেছে আকাশ। মনে হচ্ছে যে কোনও মুহূর্তে বৃষ্টি নামল বলে। সত্যিই কি তাই? আপনিও কি বাড়ির বাইরে আছেন? তাহলে জেনে নিন আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। ঘূর্ণিঝড় আকভান-র কারণে টানা দু’দিন দফায় দফায় বৃষ্টি (Weather Update) হয়েছে বাংলায়। সেইসঙ্গে আবার ঠান্ডাও রয়েছে। যাইহোক, ঘূর্ণিঝড়ের রেশ এখনও অবধি পুরোপুরি কাটেনি।
কিছুক্ষণের মধ্যেই কি বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে?
আজ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা। কোথাও কোথাও শুরু হয়েছে দু-এক ফোঁটা বৃষ্টিও। আগামী কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া এবং মুর্শিদাবাদ জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধীরে ধীরে উন্নতি হবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার। সন্ধের পর থেকেই আবহাওয়ার উন্নতি ঘটবে বলে খবর। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস কম।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
দুপুর থেকে সন্ধের মধ্যে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে। এদিন দার্জিলিং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।
আরও পড়ুন: ‘আমার স্ত্রী কাঁদছে..’ গৌতম গম্ভীরের নাম নিয়েই এবার বড় মন্তব্য করলেন সরফরাজ খান
জাঁকিয়ে শীত কবে থেকে?
এখন সকলের মুখে একটাই কথা, এবার যেন বৃষ্টিটা শেষ হয়ে শীত আসুক। এই নিয়ে কিছুটা হলেও স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। জানা গিয়েছে, রবিবার থেকেই সম্পূর্ণ রোদ ঝলমলে আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে সমগ্র বাংলায়। এরপর মঙ্গলবার থেকে রাতের পারদ উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করবে। শীত পড়বে কলকাতা সহ জেলায় জেলায়।


