৯ কোটির ওষুধ মাত্র ২.৫ লক্ষে, চিকিৎসকের উদ্যোগে বিনামূল্যে বাঁচবে সাত শিশুর প্রাণ

Published:

Rs 9 crore Life Saving Medicine

অনন্যা সরকার, কলকাতা: একটি জীবনদায়ী ওষুধ (Life Saving Medicine), যা একটি শিশুর প্রাণ বাঁচাতে পারে কিন্তু এর মূল্য এতটাই যে এদেশের অধিকাংশ পরিবারের পক্ষেই এটি কেনা সম্ভব নয়। তবে এখন সাতটি পরিবারের ক্ষেত্রে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ অনেকটাই আয়ত্তের মধ্যে আসতে চলেছে। ‘অ্যালান-হার্নডন-ডাডলি সিনড্রোম’ (AHDS) বা ‘এমসিটি৮ ডেফিসিয়েন্সি’ একটি বিরল জিনগত রোগ, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে বাধা দেয়। ‘টিরাট্রিকল’ (Tiratricol) নামের একটি অত্যন্ত দামী ওষুধ এই রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, যা আগামী ৩০ নভেম্বর ওই সাতটি শিশু বিনামূল্যে পেতে চলেছে। হায়দরাবাদের শিশু বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষ এবং ‘অ্যাক্সেস টু মেডিসিনস ইন্ডিয়া’-এর কে. এম. গোপাকুমারের প্রচেষ্টায় এই উদ্যোগটি সফল হতে চলেছে।

চিকিৎসকের উদ্যোগে খরচ ৯ কোটি থেকে কমে দাঁড়ালো ২.৫ লক্ষ

পবিত্রা সিরোলকার তাঁর ছেলে আরভের চিকিৎসার জন্য যখন হন্যে হয়ে ঘুরছেন, তখন জানতে পারেন জার্মানি থেকে মাত্র এক মাসের জন্য ‘টিরাট্রিকল’ ওষুধটি সংগ্রহ করতে প্রায় ১২ থেকে ১৩ লক্ষ টাকা খরচ হবে। বাণিজ্যিকভাবে এই ওষুধের বার্ষিক খরচ ৪.৬৮ কোটি থেকে ৯ কোটি টাকা পর্যন্ত হতে পারে, যা সাধারণ কোনো পরিবারের পক্ষে বহন করা একপ্রকার অসম্ভব।

গত সেপ্টেম্বর মাসে ডা. শিবরঞ্জনী সন্তোষ সোশ্যাল মিডিয়ায় ‘অ্যালান-হার্নডন-ডাডলি সিনড্রোম’ সম্পর্কে সচেতন করে এই রোগে আক্রান্ত শিশুগুলিকে সাহায্যের জন্য আবেদন জানান। তিনি মানুষকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে ট্যাগ করার অনুরোধ করেন। গণমাধ্যমে বিষয়টি উঠে আসার পর, নেদারল্যান্ডস-ভিত্তিক ফার্মাসিউটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ফাউন্ডেশন (PAF) এই ওষুধের একটি কম্পাউন্ডেড ভার্সন তৈরির উদ্যোগ নেয়। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত ট্রান্সভাল ফার্মাসি (Transvaal Pharmacy) এই ওষুধটি প্রস্তুত করে।

আরও পড়ুন: ৮০ শতাংশ দৃষ্টিহীনতা, ক্যানসারকে হারিয়ে জাতীয় প্যারা সুইমিংয়ে সোনা জয় কলকাতার তরুণিকার

এই বিশেষ সংস্করণটির ক্ষেত্রে প্রতি শিশুর জন্য বার্ষিক খরচ প্রায় ২.৫ লক্ষ টাকা। সাতজন শিশুর এক বছরের চিকিৎসার মোট খরচ দাঁড়ায় প্রায় ১৫.০৮ লক্ষ টাকা, এর মধ্যে ৬.০৯ লক্ষ টাকা ভারতের ভেতর থেকে সংগ্রহ করা হয়েছে, আর বাকি ৯.১৩ লক্ষ টাকা বহন করছে পিএএফ। এএইচডিএস-এ আক্রান্ত রোগীদের শরীরে এক্স ক্রোমোজোমে অবস্থিত এমসিটি৮ জিনে মিউটেশন থাইরয়েড হরমোনের পরিবহনকে ব্যাহত করে, যার ফলে গর্ভাবস্থা থেকেই শিশুর মস্তিষ্কের বিকাশকে বিঘ্নিত করে। ত্রুটিপূর্ণ জিনের কারণে থাইরয়েড হরমোন মস্তিষ্কের কোষে ঠিকমতো পৌঁছাতে পারে না। এক্ষেত্রে, টিরাট্রিকল থাইরয়েড হরমোনের মতোই কাজ করে এবং শরীরে এই হরমোনের ভারসাম্যহীনতার ফলে সৃষ্ট সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে।

 

ডা. শিবরঞ্জনী সন্তোষের এই উদ্যোগে বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাচ্ছে আরাভ সহ সিএমসি ভেলোরে (CMC Vellore) চিকিৎসাধীন ৬টি শিশু এবং আরও একটি শিশু। ছয় মাস মেয়াদি এই চিকিৎসা পদ্ধতির জন্য প্রয়োজনীয় ওষুধটি দুটি ধাপে আমদানি করা হবে। তবে ডা. শিবরঞ্জনী জানাচ্ছেন, এভাবে রোগী-ভিত্তিক (Patient-Specific) পদ্ধতিতে ওষুধ আমদানি করা কোনো দীর্ঘমেয়াদী সমাধান নয়। তিনি ভারতের মধ্যেই ওষুধটি তৈরির অনুমতি দেওয়ার পক্ষে কথা বলেন। বর্তমানে তিনি এই রোগে আক্রান্ত অন্যান্য শিশুদের খুঁজে বের করার জন্য বিশেষজ্ঞদের সাথে কাজ করছেন।

google button