আরও সহজ হবে উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গর যোগাযোগ, এ মাসেই উদ্বোধন ফারাক্কার নতুন সেতুর

Published:

New Farakka Bridge

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন ফারাক্কা সেতু নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট। কবে নতুন ব্রিজটি খুলবে? সেই অপেক্ষায় দিন গুনছেন মানুষ। এই নতুন চার লেনের ব্রিজটি (New Farakka Bridge) একবার খুলে গেলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ আরও নিবিড় হয়ে যাবে। সবথেকে বড় কথা, দীর্ঘ যানজট থেকেও মুক্তি মিলবে। কারণ এই নতুন ব্রিজে এমন কিছু ফিচার্স রয়েছে যা সকলের যাত্রাকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এখন প্রশ্ন চলতি নভেম্বর মাসেই কি নতুন ফারাক্কা সেতুটির উদ্বোধন হবে? চলুন জেনে নেওয়া যাক।

নভেম্বরের শেষে চালু হবে নতুন ফারাক্কা সেতু?

শোনা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ নভেম্বর বৃহস্পতিবার নতুন চার লেনের ব্রিজটির উদ্বোধন হবে। এদিন গঙ্গার ওপর চার লেনের নতুন সেতু উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় সরক ও পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারিও। পূর্ব মেদিনীপুর থেকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হতে পারে বলে খবর।

এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ১২ নম্বর জাতীয় সড়কের মালদহের প্রকল্প আধিকারিক শুভেন্দু বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘গত ৩১ অক্টোবর সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। যানজটের কারণে সেতুর এক দিক সাময়িক খুলে দেওয়া হলেও বৃহস্পতিবার চার লেনের এই সেতুটি বিভাগীয় কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari) উদ্বোধন করার পরে তা সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর থেকে একাধিক সেতুর উদ্বোধন করবেন তিনি। থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন: ৫০০ টাকার বিনিময়ে আমড়া পাড়ার প্রলোভন, ‘বোকা’ বানিয়ে ফোন নিয়ে চম্পট কাটোয়ায়

২০১৯ থেকে কাজ শুরু হয় ব্রিজের

আপনাদের জানিয়ে রাখি, গত ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে নতুন ব্রিজ তৈরির কাজ শুরু হয়। ফরাক্কা ব্যারাজের পুরনো সেতু থেকে প্রায় ৫০০ মিটার মাটিতে গঙ্গার উপর চার লেনের এই সেতু তৈরির কাজ শুরু হয়। তিন বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। কিন্তু কোভিড ও দুটি দুর্ঘটনায় তিন জনের মৃত্যুর কারণে দীর্ঘ দিন কাজ বন্ধ থাকায় প্রায় আট বছর লেগে যায় ব্রিজের কাজ শেষ করতে।

৪ লেনের এই দ্বিতীয় সেতু নির্মাণে খরচ ধরা হয়েছিল ৫২১.১৯ কোটি টাকা। কিন্তু নির্মাণের সময়সীমা বেড়ে যাওয়ার ফলে সেতু নির্মাণে খরচের অঙ্ক দাঁড়িয়েছে ৬২২.০৪ কোটি টাকায়। মূল সেতুর অংশ ২.৪৬৮ কিলোমিটার। ৩ কিলোমিটার দুই দিকের সংযোগ সড়ক। যাইহোক, এখন দেখার উল্লেখিত দিনে ব্রিজের উদ্বোধন হয় কিনা।

google button