প্রীতি পোদ্দার, কলকাতা: প্রশাসনের থেকে আবাস যোজনার (Awas Yojana) টাকা নিয়েও তৈরি করেননি বাড়ি। এ বার সেই সমস্ত উপভোক্তাদের খুঁজে খুঁজে বের করল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। ইতিমধ্যেই এই বিশেষ অভিযানে দৌলতাবাদ থানার পুলিশ গ্রেফতার করেছে তিনজন উপভোক্তাকে। জানা গিয়েছে, আবাস যোজনার টাকা পেয়েও তাঁরা বাড়ি তৈরির কাজ শুরু না করায় (Awas Yojana Fund Misuse) এবার সেই অর্থ ফেরত নিতে চলেছে প্রশাসন।
টাকা পেয়েও শুরু হয়নি কাজ
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, শুক্রবার বহরমপুর ব্লকের দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েতের কানুপুর এলাকায় আবাস যোজনার একটি সমীক্ষা শুরু হয়েছিল। যেখানে তদারকি করা হচ্ছিল যে আবাস যোজনার টাকা দিতে সকলেই বাড়ি বানানো শুরু করেছে কিনা। আর তাতেই চক্ষু চড়কগাছ প্রশাসনের। সম্প্রতি, সরকারি অ্যাপের মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে টাকা পাওয়ার পরেও দৌলতাবাদ পঞ্চায়েতে প্রায় ১১০৩ জন উপভোক্তা এখনও বাড়ি তৈরির কাজ শুরু করেননি। শুধু তাই নয় বেশ কয়েকজন উপভোক্তা অযোগ্য হয়েও প্রথম কিস্তির টাকা পেয়েছে।
গ্রেফতার ৩ উপভোক্তা
সমীক্ষার তথ্য যাচাই করতে দৌলতাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় ব্লক প্রশাসনের কর্তারা। বিভিন্ন জায়গায় তদারকি করতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই আবাস যোজনার টাকা নিয়েও শুরু করেনি কাজ। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজন উপভোক্তাকে গ্রেপ্তার করেছে দৌলতাবাদ থানার পুলিশ। তাঁরা হলেন, ইমাম হোসেন, মিরাজুল শেখ ও জিনারুল শেখ। সেই ধৃত উপভোক্তাদের বহরমপুরের বিডিও স্পষ্ট হুশিয়ারি দিয়েছে যে আগামী মঙ্গলবার অর্থাৎ ২৪ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। যদি এই নির্দেশ অমান্য করেন ধৃতরা, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন: ৫০০ টাকার বিনিময়ে আমড়া পাড়ার প্রলোভন, ‘বোকা’ বানিয়ে ফোন নিয়ে চম্পট কাটোয়ায়
প্রশাসনের কর্তাদের তরফে জানানো হয়েছে, আবাস যোজনায় বহরমপুর ব্লকের ১৭টি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রথম পর্যায়ে মোট ৮৩৬৪ জন উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছিল। প্রথম কিস্তিতে প্রত্যেকে ৬০ হাজার টাকা পেয়েছিলেন সকলেই। কিন্তু টাকা নিয়েও বাড়ি তৈরির কাজ কিছুই শুরু করেননি তাঁরা। বিডিও রজতকুমার বলিদা জানান, দৌলতাবাদ পঞ্চায়েতের কানুপুর বুথ এলাকায় প্রায় ৮০টি বাড়ির কাজ এখনও শুরুই হয়নি। ধীরে ধীরে এই অভিযান আরও বেশ কয়েকটি জায়গায় করা হবে। আশঙ্কা করা হচ্ছে ধৃতের সংখ্যা আরও বাড়বে।


