৫০% ভর্তুকি দিচ্ছে সরকার! কম খরচে ‘লিক’ চাষ করে তিনগুণ আয় করছেন বাংলার কৃষকরা

Published:

Leek Cultivation

অনন্যা সরকার, কলকাতা: নিত্যনতুন অপ্রচলিত শাক-সবজি বা ফলের চাষের প্রতি আগ্রহ বাড়ছে বাংলার কৃষকদের। উত্তর ২৪ পরগনা সহ পশ্চিমবঙ্গের কৃষকরা স্বল্প খরচের পলিহাউসে অপ্রচলিত সবজি হিসেবে ‘লিক’ (leek) চাষ করে ভালো মুনাফা অর্জন করছেন। পেঁয়াজ ও রসুন গোত্রীয় এই সবজিটি দেশীয় বাজারে খুব একটা পরিচিত না হলেও, কলকাতার অভিজাত রেস্তোরাঁ, পাঁচ-তারা হোটেল এবং সুপারমার্কেটগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। খুচরো বাজারেও এগুলো ভালো দামে বিক্রি হয়। 

পলিহাউসে লিক চাষ করে লাভবান হচ্ছেন বাংলার কৃষকরা 

উত্তর ২৪ পরগণা সহ বাংলার বিভিন্ন প্রান্তের বিকল্প চাষে আগ্রহী কৃষকরা প্রচলিত ব্যয়বহুল ইস্পাতের কাঠামোর পরিবর্তে, বাঁশ ও পলিথিন শিট ব্যবহার করে তৈরি ‘লো কস্ট পলিহাউস’-এ এই সবজি চাষ করছেন। এটি ফসলকে প্রাকৃতিক দুর্যোগ ও ভারী বৃষ্টিপাত থেকে রক্ষা করে।

সিডবেডে (Seedbed) ৬ – ৮ সপ্তাহ চারা বড় করার পর, লিকের চারাগুলোকে প্রায় ১৫ সেন্টিমিটার গভীর নালা খনন করে রোপণ করা হয়। লিকের সাদা অংশটি (Pseudostem) লম্বা ও নরম রাখার জন্য গাছের গোড়ার চারপাশে নিয়মিত মাটি তুলে উঁচু করে দেওয়ার দরকার হয়। এই পদ্ধতিটিকে বলে ‘আর্থিং আপ’। চারা রোপণ করার প্রায় ৩ থেকে ৪ মাস পর লিক বাজারে বিক্রির উপযোগী হয়ে ওঠে।

আরও পড়ুন: ৫ টাকার গোবর দিয়ে ওয়াল পেন্ট বানিয়ে ১৯০ টাকায় বিক্রি, বর্জ্য থেকে লাভজনক ব্যবসা অক্ষতার

লিক চাষ থেকে প্রচলিত সবজির তুলনায় দুই থেকে তিন গুণ বেশি আয় করা সম্ভব। বাজারে এখন ১৫০ থেকে ২০০ টাকা কিলো দরে বিক্রি হয় সবজিটি। এতে ভিটামিন এ, বি৬, সি, কে এবং ফোলেটের পাশাপাশি আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, ফাইবার এবং কেম্পফেরল ও লুটেইনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো কম ক্যালোরিযুক্ত হওয়ার পাশাপাশি হজমশক্তি, চোখের স্বাস্থ্য, হৃদযন্ত্রের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সাহায্য করে।

উত্তর ২৪ পরগনা ও পার্শ্ববর্তী এলাকার কৃষকরা ছোট জমিতে কম খরচায় পলিহাউস বানিয়ে সারা বছর লিক চাষ করছেন এবং তা সরাসরি শহরের হোটেল ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। এর পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যানপালন বিভাগ পলিহাউস তৈরির জন্য ৫০ শতাংশ পর্যন্ত সরকারি ভর্তুকি প্রদান করছে, এর যার ফলে বাংলার প্রান্তিক কৃষকরাও এই লাভজনক কৃষি পদ্ধতির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। এতে যেমন বিকল্প চাষাবাদ বৃদ্ধি পাচ্ছে, তেমনই কৃষকদের আয়ের উৎসও প্রসারিত হচ্ছে।

google button