৮০ শতাংশ দৃষ্টিহীনতা, ক্যানসারকে হারিয়ে জাতীয় প্যারা সুইমিংয়ে সোনা জয় কলকাতার তরুণিকার

Published:

Success Story of Para-Swimmer Tarunika Ghosh

অনন্যা সরকার, কলকাতা: জীবনে কখনও কখনও এমন পরিস্থিতি তৈরি হয় যখন ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না। কলকাতার চিনার পার্কের বাসিন্দা তরুণিকা ঘোষও মারণ রোগের সাথে লড়াই করে এভাবেই ঘুরে দাঁড়িয়েছেন (Success Story of Swimmer Tarunika Ghosh)। ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েও আত্মবিশ্বাসের সাথে জীবনের কঠিন থেকে কঠিনতম চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছেন। ক্যানসার, কোমা, দৃষ্টিশক্তির গুরুতর সমস্যা ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে, তিনি এবছর ভোপালে অনুষ্ঠিত ২৬তম জাতীয় প্যারা-সুইমিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে সারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন।

শৈশব থেকেই লড়াই শুরু 

তরুণিকার জন্ম হয় ২০০৪ সালে। মাত্র ১৮ মাস বয়সে ক্যানসার ধরা পড়ে তাঁর। কিন্তু রোগ নির্ণয়ে দেরি হওয়ার কারণে ক্যানসার ততক্ষণে থার্ড স্টেজে পৌঁছে গিয়েছিল। তাঁর বাবা সঞ্জীব ঘোষ তাঁকে মুম্বাইয়ের টাটা ক্যানসার হাসপাতালে নিয়ে যান, যেখানে তাঁর কেমোথেরাপি শুরু হয়। তবে চিকিৎসার সময় একটি সিরিঞ্জের ভুল প্রয়োগের কারণে সংক্রমণ ছড়িয়ে তাঁর মস্তিষ্কে পৌঁছে যায়, যার ফলে চার বছর বয়সে কোমায় চলে যান তরুনিকা।

কোমা থেকে ফিরে আসার পরেও তাঁর লড়াই শেষ হয়নি। মস্তিষ্কে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) প্রবাহে বাধার কারণে তাঁর শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা দেখা দেয় এবং তিনি তাঁর দৃষ্টিশক্তির প্রায় ৮০ শতাংশ হারিয়ে ফেলেন। তাঁর শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হয়। ২২ বছর বয়সে এসেও তাঁকে দেখে প্রায় ১২ বছরের কিশোরী বলে মনে হয়। তবুও তিনি কখনও হাল ছাড়েননি তিনি।

আরও পড়ুন: শীতের ছুটিতে পুরুলিয়া ভ্রমণ? ঘুরে আসুন কুমারী ড্যাম

বড় ভাইয়ের উৎসাহে তরুণিকা সাঁতার শিখতে শুরু করেন। ২০২৩ সালে তিনি ‘বেঙ্গল প্যারা-সুইমার চ্যাম্পিয়নশিপ’-এ অংশগ্রহণ করেন। এখান থেকেই তিনি গোয়ালিয়রে অনুষ্ঠিত প্যারা গেমসের জন্য সিলেক্টেড হন। সাঁতার শুরু করার হুইসেলে দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে তাঁর অসুবিধা দূর করতে, তাঁর বাবা প্রশিক্ষণের সময় প্রতিযোগিতার মতোই হুইসেল বাজিয়ে তাঁকে আওয়াজের সাথে অভ্যস্ত করে তোলেন। ২০২৪ সালে তিনি রাজ্য চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল ও গোয়ায় অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল জয় করেন।

বর্তমানে তরুণিকা বাইপাসের কাছে সুভাষ সরোবরে প্রশিক্ষণ নিচ্ছেন। এ বছর তিনি জাতীয় পর্যায়ে দুটি পদক জিতেছেন এবং ভোপালে ১০০ মিটার ইভেন্টে রেকর্ড তৈরি করেছেন। শরীরের ভারসাম্য বজায় রাখার সমস্যা সত্ত্বেও তিনি ১,৫০০ মিটার ‘রেস ওয়াকিং’ ইভেন্টেও রেকর্ড স্থাপন করেছেন। এছাড়া, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে তিনি দেশকে আরও গৌরবান্বিত করেছেন। তাঁর এই যাত্রা প্রমাণ করে যে, অদম্য ইচ্ছাশক্তি ও মানসিক জোর অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে।

google button