আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা না পেলে কী করবেন? জেনে নিন

Published:

ayushman card

আনিষা চৌধুরী, কলকাতা: স্বাস্থ্যই সম্পদ। অথচ আর্থিক অনটনের কারণে অনেক সময় সাধারণ মানুষ প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেন না। সেই সমস্যা দূর করতেই কেন্দ্রীয় সরকারের অন্যতম উদ্যোগ আয়ুষ্মান ভারত প্রকল্পও (Ayushman Bharat Pradhan Mantri Jan Arogya Yojana)। এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা তালিকাভুক্ত হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে নগদহীন স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ পান। সাধারণ মানুষ যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, তার জন্য একাধিক পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। প্রত্যেক উপভোক্তা যাতে নিজের প্রাপ্য স্বাস্থ্য পরিষেবা পান, তা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।

হাসপাতাল কার্ড গ্রহণ না করলে কী করবেন?

সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন স্তরে গাফিলতি ও অসহযোগিতার অভিযোগ ওঠে। এর আগে প্রাক্তন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রেও চিকিৎসা না পাওয়া কিংবা হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেওয়ার মতো অভিযোগ সামনে এসেছে। ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আয়ুষ্মান ভারত কার্ডের ক্ষেত্রেও কি একই মুখোমুখি হতে হবে তাঁদের? এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য নির্দিষ্ট নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। প্রকল্পের আওতায় তালিকাভুক্ত হাসপাতালগুলি যোগ্য উপভোক্তাদের চিকিৎসা দিতে অস্বীকার করতে পারবে না। কোনও হাসপাতাল নিয়ম ভেঙে চিকিৎসা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে।

কোনও উপভোক্তা আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে সমস্যায় পড়লে প্রথমেই হাসপাতালের নাম, চিকিৎসা প্রত্যাখ্যানের কারণ এবং ঘটনার সময় ও তারিখ লিখে রাখতে হবে। সম্ভব হলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে প্রত্যাখ্যানের কারণ জানতে হবে। চিকিৎসকের প্রেসক্রিপশন, হাসপাতালের স্লিপ, পরীক্ষার রিপোর্ট এবং চিকিৎসার জন্য টাকা চাওয়া হলে তার বিল বা রসিদও সংগ্রহ করে রাখতে হবে। এরপর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে বিষয়টি জানাতে পারবেন সংশ্লিষ্ট উপভোক্তা।

কীভাবে অভিযোগ জানাবেন?

  • অভিযোগ জানানোর জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের Centralized Grievance Redressal Management System পোর্টাল।
  • https://cgrms.pmjay.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অভিযোগ নথিভুক্ত করা যায়।
  • এছাড়া ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৪৫৫৫-এ ফোন করেও অভিযোগ জানানো সম্ভব।
  • অভিযোগ জানানোর সময় আয়ুষ্মান কার্ডের নম্বর বা উপভোক্তার পরিচয় সংক্রান্ত তথ্য, সংশ্লিষ্ট হাসপাতালের নাম ও ঠিকানা, ঘটনার বিবরণ এবং হাতে থাকা প্রাসঙ্গিক নথিপত্র প্রস্তুত রাখতে হবে।
  • অভিযোগ জমা পড়ার পর একটি ইউনিক গ্রিভ্যান্স নম্বর দেওয়া হয়, যার সাহায্যে অভিযোগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া যায়।

আরও পড়ুন: এবার তিন বছর অন্তর PUC, সুখবর গাড়ির মালিকদের জন্য

সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের পাশাপাশি কর্মসংস্থান ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুবিধা বৃদ্ধি, নানা দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সরকার। তার পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও উন্নত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বহু পরিবারের কাছে আয়ুষ্মান ভারত কার্ড চিকিৎসার একমাত্র অবলম্বন। তাই উপভোক্তারা যাতে সমানভাবে নিজেদের প্রাপ্য সুবিধা পান এবং তালিকাভুক্ত হাসপাতালগুলিও যাতে প্রকল্পের নিয়ম মেনে চলে, তা নিশ্চিত করতেই অভিযোগ নিষ্পত্তির এই ব্যবস্থা।

google button