বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় ধাক্কা খেলো ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (India forex Reserves)। রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, 13 নভেম্বর শেষ হওয়া সপ্তাহে, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক ধাক্কায় 14.205 বিলিয়ন ডলার কমে গিয়েছে। যার জেরে এই মুহূর্তে ভারতের বিদেশি মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ 705.342 বিলিয়ন ডলার। যেখানে এর আগের সপ্তাহে এই রিজার্ভের পরিমাণ ছিল 719.547 বিলিয়ন ডলার। কিন্তু ঠিক কোন কারণে এত বড় ধাক্কা খেলো ভারত?
কেন এত বড় ধাক্কা খেলো ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ?
ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে দায়ী করা হচ্ছে বৈদেশিক মুদ্রার সম্পদ ও সোনার মজুতের মূল্য কমে যাওয়ার বিষয়টিকে। রিপোর্ট অনুযায়ী, এক সপ্তাহে ভারতের ফরেন কারেন্সি অ্যাসেটস কমেছে প্রায় 7.897 বিলিয়ন ডলার। একই সময়ে ভারতের সোনার মজুদের মূল্য কমেছে প্রায় 6.183 বিলিয়ন ডলার। যদিও বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি মুদ্রার মোট সম্পদের মূল্য বিভিন্ন মুদ্রার বিনিময় হার উঠানামার কারণেও পরিবর্তিত হতে পারে।
বিশেষজ্ঞদের কাছে অবশ্য, ভারতের মোট রিজার্ভের পরিমাণ নয় বরং সেই রিজার্ভ দিয়ে কত মাসের আমদানি খরচ মেটানো যায় সেটাই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা, ভারতের বিদেশি মুদ্রার বিশাল রিজার্ভের কারণে, 14 বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের পতন সত্বেও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির তুলনায় এখনও ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বড়। যদিও এক সপ্তাহের মধ্যে এই পতন ভারতীয় বৈদেশিক রিজার্ভের জন্য বড়সড় ধাক্কা হিসেবে দেখছেন বিশেষজ্ঞ মহল।
আরও পড়ুন: ‘২৪ কোটি মানুষের জীবন বিপদে ফেলছে’ জাতিসঙ্ঘে ভারতকে চেপে ধরল পাকিস্তান!
উল্লেখ্য, এদিকে ডলারের বিপরীতে বিরাট লাফ দিয়েছে ভারতীয় রুপি। শুক্রবার, দুপুরে মার্কিন মুদ্রার নিরিখে 92.83 তে নেমে গিয়েছিল দর। এর আগে বৃহস্পতি আবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার দর ছিল 93.30। অর্থাৎ মাত্র 24 ঘণ্টার মধ্যেই আমেরিকার মুদ্রার বিপরীতে 47 পয়সা উর্ধ্বমুখী হয়ে গিয়েছে ভারতীয় রুপি সূচক।


