বিজেপির গড়ে ধুলিস্যাৎ পদ্মশিবির! রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে বিরাট জয় কংগ্রেসের

Published:

Rajasthan

সৌভিক মুখার্জী, কলকাতা: খেল দেখাল কংগ্রেস। বিজেপি শাসিত রাজস্থানের (Rajasthan) গ্রামীণ স্থানীয় সরকার বা পঞ্চায়েত নির্বাচনে বিরাট সাফল্য এল বিরোধী হাত শিবিরে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী, কংগ্রেস ৩৭০০-র বেশি পঞ্চায়েত সমিতি আসনে জয়লাভ করেছে, যেখানে শাসক দল ভারতীয় জনতা পার্টির ঝুলিতে রয়েছে ২২০০-র কম আসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, জেলা পরিষদ আসনেও কংগ্রেস ৫৯৯টি আসনে জয়লাভ করেছে এবং বিজেপির দখলে রয়েছে ৩০১টি আসন।

বিপুল আসনে জয়লাভ কংগ্রেসের

সূত্রের খবর, রাজ্যের ৪১টি জেলার মধ্যে ৩৭টি জেলার ৭৫৪৩টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৭৩৯৩টি এবং ১২৭৫টি জেলা পরিষদ আসনের মধ্যে ৯৮১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে বারান, কারৌলি, কোটা এবং শ্রী গঙ্গানগরে ভোটগণনা আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে। ওইসব এলাকায় বর্তমান পরিষদগুলির ৫ বছরের মেয়াদ শেষ। ৩৭টি জেলার মধ্যে ৩৩টি পঞ্চায়েত সমিতি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি এগিয়ে রয়েছে শুধুমাত্র ৪টি আসনে।

এদিকে পরিসংখ্যান বলছে, জেলা পরিষদ আসনে ২৪টি জেলায় কংগ্রেস এবং ৬টি জেলায় বিজেপি এগিয়ে রয়েছে। অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি ৪৯৬টি পঞ্চায়েত সমিতি আসনে জয়লাভ করেছে। এছাড়া ভারত আদিবাসী পার্টি ২৭৬টি, বহুজন সমাজ পার্টি ৬০টি, সিপিআইএম ৫০টি এবং আম আদমি পার্টি ২টি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৬২৭টি আসন।

আরও পড়ুন: অভিষেককে ঘিরে চোর স্লোগান, ভাতা বৃদ্ধির ঘোষণা…! আজকের সেরা ১০ খবর (২০ নভেম্বর)

প্রসঙ্গত, আগামী ডিসেম্বরে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সরকারের তিন বছরের মেয়াদপূর্তির কয়েক সপ্তাহ আগেই সামনে এল কংগ্রেসের এই অভাবনীয় ফলাফল। এর আগে ২০২০-র ডিসেম্বরে যখন রাজ্যে কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন ২১টি জেলায় অনুষ্ঠিত পঞ্চায়েত রাজ নির্বাচনে তৎকালীন শাসকদল কংগ্রেসের ১৮৫২ আসনের বিপরীতে বিজেপি পেয়েছিল ১৯৮৯টি পঞ্চায়েত সমিতি আসন। ফলে সরকার পরিবর্তন আসন্ন কিনা তা এখনই বলা সম্ভব নয়।

google button