সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ধারাবাহিক পুঁজি প্রবাহ এবং ঘরোয়া শেয়ার বাজারের ঊর্ধ্বগতির জেরে শুক্রবার টানা পঞ্চম সেশনে শক্তিশালী হল ভারতীয় রুপি (Indian Rupee)। মার্কিন ডলারের বিপরীতে এদিন রুপি ৬৫ পয়সা বেড়ে ৯২.৬৭ টাকায় বন্ধ হয়েছে, যা গত ৭ মাসের বেশি সময়ের মধ্যে প্রথমবার ৯৩-র শক্তিশালী অবস্থানে ফিরে আসা। এমনকি বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো বাজারে এআই শেয়ারের র্যালি ধীর হয়ে যাওয়ায় বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রিটার্নের আশায় ভারতীয় বাজারে বিনিয়োগ করছেন।
ডলারের বিপরীতে রেকর্ড উত্থান ভারতীয় রুপির
ডিপোজিটরির তথ্য অনুযায়ী, ২ নভেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যেই নয়টি ট্রেডিং সেশনে বিদেশী বিনিয়োগকারীরা ভারতের ইক্যুইটিতে ৮৪,২৯০ কোটি টাকা ঢেলেছেন। এমনকি টানা ২ মাস নেট আউটফ্লো বা পুঁজি প্রত্যাহারের পর এটিকে সবথেকে শক্তিশালী প্রত্যাবর্তন হিসেবেই দেখা হচ্ছে। এর আগে অক্টোবরের ৩৪,৮৪৩ কোটি টাকা এবং সেপ্টেম্বরে ৩৫,৮৬১ কোটি টাকার নেট পুঁজি তুলে নেওয়া হয়েছিল। তবে এই প্রবাহের ফলে ২০২৬ সালে ভারতীয় ইক্যুইটি থেকে সঞ্চিত বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের মোট নেট আউটফ্লো কয়েক সপ্তাহ আগে প্রায় ৩ লক্ষ কোটি টাকা থেকে কমে ২.১ লক্ষ কোটি টাকায় নেমে আসে।
আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রার বাজারে শুক্রবার ভারতীয় রুপি ৯০.২৫ টাকায় খুলে দিনের সর্বোচ্চ ৯২.৬৫ টাকায় গিয়ে ঠেকেছিল। তবে এর আগে সর্বশেষ গত ১০ এপ্রিল রুপি ৯৩-র নিচে বন্ধ হয়েছিল। পাশাপাশি বৃহস্পতিবার রুপি ৯ পয়সা বেড়ে ৯৩.৩২ টাকায় বন্ধ হয়েছিল। আর গত ১৩ নভেম্বর ৯৪.১৯ ক্লোজিং লেভেলের পর থেকে টানা ৫ সেশনে রুপি ১.৬ শতাংশের বেশি শক্তিশালী হয়েছে বলেই দাবি বিশেষজ্ঞদের।
আরও পড়ুন: সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের বেতন বাড়াল সরকার, কত হল মহার্ঘ?
এ বিষয়ে মিরায়ে অ্যাসেট শেরেখানের গবেষণা বিষয়ক অনুজ চৌধুরী জানিয়েছেন, ঘরোয়া বাজারের চাঙ্গাভাব এবং নতুন এফআইআই প্রবাহে রুপি তীব্রভাবে বেড়ে ৯৩-র মার্ক অতিক্রম করেছে। আঘাত এড়াতে পণ্য বাজারের পতনও রুপিকে সহায়তা দিচ্ছে। তিনি আরও জানিয়েছেন, ঘরোয়া বাজারের শক্তি এবং ধারাবাহিক বিদেশি প্রবাহের কারণে রুপির গতি ইতিবাচক থাকবে বলে আমরা আশা করছি। আর অপরিশোধিত তেল এবং অন্যান্য পণ্যের দাম কমায় আমদানি বিল কিছুটা চাপমুক্ত হতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সংশোধিত কনজিউমার সেন্টিমেন্ট ডেটার দিকে নজর রাখবেন ট্রেডাররা। সেক্ষেত্রে ডলার প্রতি রুপি স্পট প্রাইস ৯২.৪০ থেকে ৯৩-র মধ্যে ট্রেড করতে পারে।


