‘জুয়ার ঠেক বন্ধ করায় ফাঁসানো হয়েছে’, আইসির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জগন্নাথ সরকারের

Published:

Jagannath Sarkar

সৌভিক মুখার্জী, কলকাতা: জুয়ার ঠেক ভেঙে গ্রেফতার হয়েছেন নদীয়ার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাস। যদিও, একাংশ তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়ার অভিযোগ তুলেছে। তবে এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এ বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি চেয়ে চিঠি পাঠালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তাঁর দাবি, পরিকল্পিতভাবেই বিরোধীরা চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রীর নাম করে তাঁর বিরুদ্ধে টাকা তোলার কোনও অভিযোগ নেই।

মুখ্যমন্ত্রীকে সরাসরি চিঠি জগন্নাথ সরকারের

আসলে অভিযোগকারীর দাবি ছিল, ফোনের মাধ্যমে রানাঘাটের একাধিক ব্যবসায়ীর কাছে বিজেপির নেত্রী পিয়ালী বিশ্বাস তোলা তোলেন। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়। এমনকি বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এসে ভাঙচুর পর্যন্ত করেন পিয়ালী বিশ্বাস এবং তাঁর সঙ্গীরা। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর নাম করেই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে তোলা চাওয়া হচ্ছিল। পাশাপাশি ওই বিজেপি নেত্রী মদ্যপ অবস্থায় ছিল বলেই দাবি করা হয়। এ নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন জগন্নাথ সরকার।

চিঠিতে রানাঘাটের সাংসদ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে লিখেছেন, “সম্প্রতি রানাঘাট এলাকার বিজেপি নেত্রী পিয়ালী বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নাম করে তোলাবাজির অভিযোগ তুলে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম ছড়িয়ে দেওয়া হচ্ছে। একটি বিশেষ রাজনৈতিক মহল ও সংবাদমাধ্যমের একাংশ এই ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।”

সাংসদের দাবি, পিয়ালী বিশ্বাসের ফেসবুক লাইভ ভিডিও থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি এলাকায় বেআইনিভাবে জুয়ার ঠেক চলছিল এবং সেখানে তিনি ও অন্যান্যরা গিয়ে জুয়া ও সাট্টার কারবার বন্ধ করে দেওয়ার কথা বলেন। সেখানে তিনি কোনও ভাবেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম করে তোলাবাজি করেননি। এমনকি ভিডিওতে দেখা যায় যে বেআইনি জুয়ার কারবারের সঙ্গে জড়িত অসাধু সমাজবিরোধীরা স্থানীয় কিছু মালিককে দিয়ে তাদের উপরই পাল্টা আক্রমণ চালাচ্ছেন।

আরও পড়ুন: সম্পত্তি নিলাম করে মেটানো হবে চিটফান্ডে প্রতারিতদের টাকা, অনুমতি চেয়ে চিঠি নবান্নে

বিজেপি সাংসদ লিখেছেন, “এই সমগ্র ঘটনার নেপথ্যে কোনও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বা প্রশাসনিক আধিকারিকদের মত রয়েছে কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরী। পাশাপাশি এই ঘটনায় রানাঘাট থানার আইসির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে এবং সংবাদমাধ্যমের একটি অংশের সাথে মিলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও সামনে আসছে। একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে গ্রেফতারের এই ঘটনার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।” যদিও মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

google button